Grandma's Boilling Rage

রং দেওয়াই ‘অপরাধ’! হোলির দিনে নাতির গায়ে ফুটন্ত জল ঢালার অভিযোগ ঠাকুমার বিরুদ্ধে, সিসিটিভিতে ধরা ভয়াবহ দৃশ্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ মার্চ কোরাডি এলাকার আরামশিনে ঘটনাটি ঘটে। চার বছরের ওম হরিশ ওয়াঙ্গে হোলি উপলক্ষে রং খেলছিল। তার হাতে ছিল রং ভর্তি পিচকারি। খেলার ছলেই সে নিজের ঠাকুমার গায়ে রং ছিটিয়ে দেয়। অভিযোগ, তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সিন্ধু ঠাকরে নামে ওই মহিলা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, নাগপুর
  • শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৩:২৮

হোলির দিনে নাতির গায়ে রং দেওয়াকেই ‘অপরাধ’ মনে করে ক্ষিপ্ত ঠাকুমার ভয়ঙ্কর কাণ্ড! রাগের মাথায় চার বছরের নাতির গায়ে ফুটন্ত গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক বৃদ্ধার বিরুদ্ধে। শিউরে ওঠা এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের কোরাডি এলাকায়। গরম জলে শিশুটি গুরুতরভাবে দগ্ধ হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ মার্চ কোরাডি এলাকার আরামশিনে ঘটনাটি ঘটে। চার বছরের ওম হরিশ ওয়াঙ্গে হোলি উপলক্ষে রং খেলছিল। তার হাতে ছিল রং ভর্তি পিচকারি। খেলার ছলেই সে নিজের ঠাকুমার গায়ে রং ছিটিয়ে দেয়। অভিযোগ, তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সিন্ধু ঠাকরে নামে ওই মহিলা।

সেই সময় তাঁর হাতে ফুটন্ত গরম জলভর্তি একটি বালতি ছিল। রাগের মাথায় সেই গরম জলই নাতির গায়ে ছুড়ে দেন তিনি। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলেও পুলিশ জানিয়েছে।

গায়ে ফুটন্ত জল পড়তেই যন্ত্রণায় ছটফট করতে থাকে ছোট্ট ওম। পরিবারের সদস্যরা দ্রুত তাকে নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসকদের মতে, কোমর থেকে পা পর্যন্ত শরীরের বড় অংশ পুড়ে গিয়েছে এবং প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে শিশুটি।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত সিন্ধু ঠাকরের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। নিজের নাতির সঙ্গে এমন নির্মম আচরণ কীভাবে করলেন ওই বৃদ্ধা তা নিয়ে স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে।

Share