Earthquake

টানা কম্পনের পর ফের ভূমিকম্প সিকিমে, ছাঙ্গু লেকে তুষারবন্দি হাজারো পর্যটক উদ্ধার

সকাল ১১টা ৩৪ মিনিট নাগাদ গিয়ালশিং এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬ এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, সিকিম
  • শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৩৮

বৃহস্পতিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সকাল ১১টা ৩৪ মিনিট নাগাদ গিয়ালশিং এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬ এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। সিকিমে কেন্দ্রস্থল হলেও এর প্রভাব পড়ে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও।

জলপাইগুড়ি, দার্জিলিং ও শিলিগুড়ির বিভিন্ন অংশে মৃদু কম্পন টের পান বাসিন্দারা। তবে কম্পনের তীব্রতা কম থাকায় বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এর আগে ফেব্রুয়ারির ৫ থেকে ৭ তারিখের মধ্যে সিকিমে প্রায় ১৩ বার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেসময় উৎসস্থল ছিল রাবাংলা থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণে।

বছরের শুরুতে সিকিমে পর্যটকদের ভিড় যথেষ্ট। টানা ভূমিকম্পে কিছুটা আতঙ্ক ছড়ালেও পরে সিকিম প্রশাসন বিবৃতি দিয়ে জানায়, ভয় পাওয়ার মতো পরিস্থিতি নেই। সম্প্রতি সিকিমকে ‘সিসমিক জোন ৬’-এর অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে গত দু’দিনের ভারী তুষারপাতে পূর্ব ও উত্তর সিকিমের পরিস্থিতি বিপর্যস্ত হয়ে পড়ে। ছাঙ্গু লেক ও ১৫ মাইল এলাকার কাছে প্রায় তিন হাজার পর্যটক আটকে পড়েন। পরে প্রশাসনের উদ্যোগে পর্যটকদের নিরাপদে নিচে নামানোর ব্যবস্থা করা হয়েছে।


Share