Accident

উত্তরাখণ্ডে নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ ধস! মৃত সাত, এখনও ভিতরে আটকে এক শ্রমিক, চলছে উদ্ধার অভিযান

তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সাত জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ১৪ জন আহত শ্রমিকের চিকিৎসা চলছে। সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা আরও এক শ্রমিককে উদ্ধারের চেষ্টা এখনও জারি রয়েছে।

উত্তরাখন্ডে নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস।
নিজস্ব সংবাদদাতা, উত্তরাখন্ড
  • শেষ আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ০৯:০৬

উত্তরাখণ্ডের চামোলি জেলার মায়াপুর (পিপালকোটি) এলাকায় নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ধস নেমে অন্তত সাত জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। এখনও এক জন শ্রমিক সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুড়ঙ্গ খননের কাজ চলাকালীন পৌনে সাতটা নাগাদ আচমকাই ধস নামে। মুহূর্তের মধ্যে জল ও কাদার স্রোত সুড়ঙ্গের মুখ বন্ধ করে দেয়। ভিতরে আটকে পড়েন অন্তত ২২ জন শ্রমিক। ধসের খবর পেয়েই রাত থেকে উদ্ধারকাজ শুরু হয়। উত্তরাখণ্ড পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), সিআইএসএফ-সহ বিভিন্ন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছোয়। স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগান। এখনও পর্যন্ত সুড়ঙ্গের ভিতর থেকে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সাত জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ১৪ জন আহত শ্রমিকের চিকিৎসা চলছে। সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা আরও এক শ্রমিককে উদ্ধারের চেষ্টা এখনও জারি রয়েছে।

শুক্রবার ভোরে রুদ্রপ্রয়াগ থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। ইতিমধ্যেই বিভিন্ন বাহিনীকে নিয়ে যৌথ ভাবে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ধস সরিয়ে উদ্ধারকারীরা সুড়ঙ্গের ভিতরে ঢোকার চেষ্টা চালাচ্ছেন।

উদ্ধারকাজের পুরো বিষয়টি তদারকি করছেন চামোলির জেলাশাসক গৌরব কুমার। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীও পরিস্থিতির উপর নজর রাখছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উদ্ধারকাজ দ্রুত শেষ করতে এবং আটকে থাকা শ্রমিককে নিরাপদে বার করে আনতে সব উদ্ধারকারী দলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। জানা গিয়েছে, উত্তরাখণ্ডের তেহরি হাইড্রো পাওয়ার কর্পোরেশন (টিএইচডিসি)-এর জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ওই সুড়ঙ্গটি খনন করা হচ্ছিল। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি সুড়ঙ্গ নির্মাণের কাজের বরাত পেয়েছিল।


Share