Ayushman Bharat

আয়ুষ্মান ভারতে বড়সড় কড়া পদক্ষেপ কেন্দ্রের! নিয়মভঙ্গের অভিযোগে বাদ দু'হাজার ৩৫৯ হাসপাতাল, সাসপেন্ড আরও এক হাজার ২০০ হাসপাতাল

একই অভিযোগে আরও এক হাজার ২০০টি হাসপাতালকে সাসপেন্ড করা হয়েছে। সম্প্রতি লোকসভায় লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ আগস্ট ২০২৬ ০৬:৪০

কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প প্রধানমন্ত্রী জন-আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত থেকে নিয়মভঙ্গের অভিযোগে দেশের দু'হাজার ৩৫৯টি হাসপাতালকে বাদ দেওয়া হয়েছে। একই অভিযোগে আরও এক হাজার ২০০টি হাসপাতালকে সাসপেন্ড করা হয়েছে। সম্প্রতি লোকসভায় লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আয়ুষ্মান ভারতের নিয়ম লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হাসপাতালগুলির বিরুদ্ধে ২৯টি এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট হাসপাতালগুলির উপর মোট ৩২৮.৪৯ কোটি টাকা জরিমানাও করা হয়েছে। স্বাস্থ্যবিমা প্রকল্পে প্রতারণা রোখা এবং রোগীদের চিকিৎসার নামে বেআইনি বিল তৈরি বন্ধ করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্র। হাসপাতালগুলি বাদ পড়ায় সেখানে আপাতত আয়ুষ্মান ভারতের আওতায় ‘ক্যাশলেস’ চিকিৎসার সুবিধা পাওয়া যাবে না। তাই এই প্রকল্পের সুবিধাভোগীদের চিকিৎসার আগে সংশ্লিষ্ট হাসপাতালটি বর্তমান তালিকায় রয়েছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ আয়ুষ্মান ভারত প্রকল্পে দুর্নীতি ও জালিয়াতি রুখতে প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে। ভুয়ো দাবি শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। ভুয়ো বিল, একই দাবির পুনরাবৃত্তি বা ডুপ্লিকেট ক্লেম, ভুয়ো পরিচয় ব্যবহার করে সুবিধা নেওয়া-সহ বিভিন্ন ধরনের প্রতারণা চিহ্নিত করা হচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে।

কেন্দ্রের দাবি, কোনও হাসপাতাল চিকিৎসার খরচ বাবদ দাবি জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রযুক্তির সাহায্যে সন্দেহজনক বা জাল দাবি শনাক্ত করা সম্ভব হচ্ছে। টাকা মেটানোর আগেই সেই দাবি আটকে দেওয়া হচ্ছে। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, এই প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত ৬৭৬.১৬ কোটি টাকার আর্থিক ক্ষতি রোখা সম্ভব হয়েছে। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই স্বাস্থ্যবিমা প্রকল্প চালু করে। প্রকল্পের আওতাভুক্ত পরিবারগুলিকে বছরে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হয়। এনএইচএ-র পোর্টালের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৮ অগস্ট পর্যন্ত প্রকল্পের আওতায় তালিকাভুক্ত হাসপাতালের সংখ্যা ৩৪ হাজার ৪৩৭। এর মধ্যে সরকারি হাসপাতাল ২০ হাজার ৩৬৩টি এবং বেসরকারি হাসপাতাল ১৮ হাজার ৭৪টি।


Share