Narendra Modi

'ঝালমুড়ি তবে কী এখানেও পৌঁছে গিয়েছে?' নেদারল্যান্ডে প্রবাসীদের সামনে ভাষণ দিতে গিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে উঠে এল বাংলার জনপ্রিয় এই খাবারের প্রসঙ্গ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, নেদারল্যান্ডস
  • শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১০:০৪

ভোটের পর্ব শেষ হলেও বাংলার রাজনীতিতে এখনও সমানভাবে চর্চায় ‘ঝালমুড়ি’ ইস্যু। সেই ঝালমুড়ির ঝাঁঝ এ বার পৌঁছে গেল বিদেশের মাটিতেও। নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে উঠে এল বাংলার জনপ্রিয় এই খাবারের প্রসঙ্গ।

শনিবার হেগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাম্প্রতিক পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা বলছিলেন। সেই সময় বাংলার প্রসঙ্গ উঠতেই উপস্থিত দর্শকদের মধ্য থেকে কেউ ‘ঝালমুড়ি’ বলে চিৎকার করে ওঠেন। তা শুনে হাসিতে ফেটে পড়েন মোদী। মজার ছলে তিনি বলেন, “ঝালমুড়ি এখানেও পৌঁছে গিয়েছে!” প্রধানমন্ত্রীর এই মন্তব্যে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী ভারতীয়রা।

উল্লেখ্য, এ বারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ‘ঝালমুড়ি’ অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছিল। ঝাড়গ্রামে নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে স্থানীয় এক দোকান থেকে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই ছবি ও ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। পরে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে একে ‘ক্যামেরা সাজিয়ে নাটক’ বললে, পাল্টা জবাবে মোদী মন্তব্য করেন, “ঝালমুড়ি আমি খেয়েছি, ঝাল লেগেছে তৃণমূলের।”

নির্বাচনে বিজেপির বড় জয়ের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মীদের ঝালমুড়ি বিলি করে উদ্‌যাপন করতেও দেখা যায়। এমনকী, বাংলায় বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানেও রাখা হয়েছিল বিশেষ ঝালমুড়ির স্টল।

এ দিনের ভাষণে প্রধানমন্ত্রী ভারতের নারী ক্ষমতায়ন, বিপুল ভোটদানের হার এবং দেশের ক্রমবর্ধমান স্টার্ট-আপ সংস্কৃতির কথাও তুলে ধরেন। তাঁর দাবি, গত ১২ বছরে দেশে স্টার্ট-আপের সংখ্যা ৫০০ থেকে বেড়ে দু'লক্ষেরও বেশি হয়েছে। পাশাপাশি তিনি বলেন, নতুন ভারত এখন বড় স্বপ্ন দেখতে শিখেছে এবং ভবিষ্যতে অলিম্পিক গেমস আয়োজনের লক্ষ্যও নিয়েছে।

নেদারল্যান্ডস সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগোচ্ছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি ও প্রযুক্তি ক্ষেত্রে ভারত-নেদারল্যান্ডস সহযোগিতার নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে।


Share