Ghana Prophet Panic

বড়দিনে মহাপ্রলয়ের দাবি ঘানার স্বঘোষিত ‘নবি’ ইবো নোহার, তৈরি হচ্ছে বিশেষ নৌকা! সমাজমাধ‍্যমে ভাইরাল ভিডিয়ো

ঘানার স্বঘোষিত নবি ইবো নোহার বড়দিনে মহাপ্রলয়ের দাবিতে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য। তিন বছর বন্যা ও নৌকা নির্মাণের কথায় আতঙ্কিত বহু অনুসারী, শুরু হয়েছে বিতর্ক।

নবি ইবো নোহা
নিজস্ব সংবাদদাতা, ঘানা
  • শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১২:১৪

ঘানার ৩০ বছর বয়সী এক স্বঘোষিত নবি ইবো নোহা ওরফে 'ইবো জেসাস'-এর ভবিষ্যদ্বাণী ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োতে তিনি দাবি করেছেন, আগামী ২৫ ডিসেম্বর থেকে শুরু করে টানা তিন বছর ধরে অবিরাম বৃষ্টি হবে, যার ফলে পৃথিবী এক ভয়াবহ বন্যার কবলে পড়বে এবং মানবসভ্যতার অবসান ঘটবে।

ইবো নোহার দাবি, তিনি ঈশ্বরের কাছ থেকে একটি ঐশ্বরিক দর্শন পেয়েছেন। সেই দর্শনেই তাকে সতর্ক করা হয়েছে যে, আধুনিক যুগের এক মহাপ্রলয় আসন্ন। ভিডিয়োগুলিতে তিনি দাবি করেন, এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হল বিশেষভাবে নির্মিত নৌকা। ঈশ্বরের নির্দেশ অনুযায়ী তিনি আটটি নৌকা তৈরি করছেন বলেও দাবি করেন ইবো নোহা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে কাঠের নৌকা নির্মাণকাজ তদারকি করতে দেখা গিয়েছে।

অনলাইনে তার এই দাবির পর নেটিজেনদের একাংশ বাইবেলের আদিপুস্তক-এর নবম অধ্যায়ের প্রসঙ্গ তুলে ধরেছেন, যেখানে বলা হয়েছে ঈশ্বর আর কখনও পৃথিবীকে মহাবন্যায় ধ্বংস করবেন না, যার প্রতীক হিসেবে রামধনুর উল্লেখ রয়েছে। তবুও, ইবো নোহার ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস করে বহু অনুসারী আতঙ্কিত হয়ে পড়েছেন।

খবরে প্রকাশ, ‘নবি ইবোহ’-এর কয়েকজন অনুসারী ইতিমধ্যেই বেনিন থেকে ঘানায় রওনা দিয়েছেন, শুধুমাত্র ইবো নোহার নৌকায় একটি জায়গা পাওয়ার আশায়। অভিযোগ উঠেছে, অনেক অনুসারী নিজেদের জিনিসপত্র বিক্রি করে অর্থ সংগ্রহ করেছেন এবং আসন্ন দুর্যোগের আগে সেই অর্থ হস্তান্তরও করেছেন।

স্থানীয় ওয়েব পোর্টাল ‘ঘানা ওয়েব’-এর প্রতিবেদন অনুযায়ী, ইবো নোহা দাবি করেছেন যে, কথিত এই ভয়াবহ বন্যার সময় তিনি টানা তিন বছর নৌকাতেই বসবাস করবেন। তবে বুধবার আপলোড করা একটি সাম্প্রতিক ভিডিয়োতে তার বক্তব্য কিছুটা বদলে যায়। সেখানে তিনি বলেন, “ঈশ্বর এটি করে দিয়েছেন… তিনি আমাদের আরও নৌকা বানানোর জন্য সময় দিয়েছেন… এই বড়দিন উপভোগ করুন।”

উল্লেখযোগ্য ভাবে, ইবো নোহা ইনস্টাগ্রামে প্রায় ৩২ হাজার অনুসারী রয়েছে। তার ভাইরাল ভিডিয়োগুলিতে তাকে বস্তা পরিহিত অবস্থায় বড়দিনেই আঘাত হানতে পারে এমন সম্ভাব্য মহাদুর্যোগের বার্তা প্রচার করতে দেখা যাচ্ছে। এই দাবির সত্যতা নিয়ে সংশ্লিষ্ট মহল ও সাধারণ মানুষের মধ্যে বিতর্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।


Share