Assembly Election

ফের প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী! অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে

বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটলেও বারবার অধীরের প্রচারে বিক্ষোভের কারণে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর
অধীররঞ্জন চৌধুরী।
  • শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ০৩:৪৯

ফের বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীর নির্বাচনী প্রচারে উত্তেজনা। এই নিয়ে পরপর তিন দিন। রবিবার সকালে বহরমপুরের বিভিন্ন ওয়ার্ডে প্রচার করছিলেন কংগ্রেস নেতা অধীর। অভিযোগ, সে সময় তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দফায় দফায় তাঁকে উদ্দেশ্য করে‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়।

জানা গিয়েছে, রবিবার সকালে বহরমপুর পুরসভার ৩, ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। তাঁর সঙ্গে স্থানীয় কংগ্রেস নেতা-কর্মীরা ছিলেন। অভিযোগ, অধীর এলাকায় ঢুকতেই তাঁকে একদল লোক ঘিরে ধরে। তাঁদের হাতে তৃণমূলের পতাকা ছিল। বিক্ষোভকারীরা ক্রমাগত ‘গো ব্যাক’, ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী সক্রিয় ভূমিকা নেয়। তাঁরা বিক্ষোভকারীদের সরিয়ে অধীরকে এলাকা থেকে বার করে দেয়। 

বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটলেও বারবার অধীরের প্রচারে বিক্ষোভ নিয়ে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। ৮ নম্বর ওয়ার্ডে প্রচারে ফাঁকে অধীর বলেন, ‘‘ভবিষ্যতে এই শহরকে ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত করব। করব তো করবই।’’

শনিবারও একই ভাবে অধীরের প্রচারে বিশৃঙ্খলা দেখা দেয়। বহরমপুরের ১৯ নম্বর ওয়ার্ডে তাঁর মিছিল ঢুকতেই তাঁকে তৃণমূলের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। অধীরকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। সময় যত গড়াতে থাকে, উত্তেজনা ক্রমশ বাড়ে। ধাক্কাধাক্কি শুরু হয় দু’দলের কর্মী-সমর্থকদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। শনিবারের ঘটনার পর নির্বাচন কমিশনকে অভিযোগ জানায় কংগ্রেস।

রাতের দিকে বহরমপুরে কংগ্রেসের ভোটপ্রচারে অশান্তির ঘটনায় পদক্ষেপ করে কমিশন। তাদের নির্দেশে বহরমপুরের আইসি শুভাশিস ঘোষের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ। একই সঙ্গে ওই অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানায় কমিশন।

শনিবারের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। তাঁর অভিযোগ, ‘‘পরিকল্পিত ভাবে তৃণমূল প্রচারে বাধার সৃষ্টি করছে।’’ যদিও সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা অভিযোগ করে, বাইরে থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে এলাকায় শান্তিশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছেন অধীররঞ্জন চৌধুরী। শুক্রবার রাতেও অধীরকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল।


Share