Kalyan Banerjee

অমিত শাহকে ঘিরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তুমুল বিতর্ক, নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি

এই ভিডিয়োটি সেন্সর করার দাবিও জানিয়েছে বিজেপি। নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে দলটি বলেছে, ভবিষ্যতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য তৃণমূলের নেতারা যাতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকেন, সে জন্য কঠোর পদক্ষেপ করা প্রয়োজন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর
  • শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ০৪:৫০

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এ বার বিজেপি নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে। অভিযোগ, তিনি এমন প্ররোচনামূলক মন্তব্য করেছেন যা নির্বাচনী আদর্শ আচরণবিধির পরিপন্থী। বিজেপির দাবি, দলের নেতাদের উদ্দেশে কল্যাণের ভাষা ছিল উস্কানিমূলক, অবমাননাকর এবং হিংসাত্মক ইঙ্গিতপূর্ণ।

এই ভিডিয়োটি সেন্সর করার দাবিও জানিয়েছে বিজেপি। নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে দলটি বলেছে, ভবিষ্যতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য তৃণমূলের নেতারা যাতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকেন, সে জন্য কঠোর পদক্ষেপ করা প্রয়োজন।

সম্প্রতি প্রচারে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি নেতৃত্বকে নিশানা করে মন্তব্য করেন। তিনি বলেন“৪ মে আপনাকে সবুজ আবির মাখাব। ১৫ দিন কেন, ১৫ মাস থাকুন। আপনার দাদাগিরি খতম করে দেব।” এরপর আরও কিছু শব্দবন্ধ ব্যবহার করেন, যা রাজনৈতিক মহলে কুরুচিকর বলেই ব্যাখ্যা করা হচ্ছে।

এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে রবিবার নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। চিঠির সঙ্গে একটি এক্স হ্যান্ডেলে পোস্টের লিঙ্কও সংযুক্ত করা হয়েছে, যেখানে কল্যাণের বিতর্কিত বক্তব্যের ভিডিয়ো রয়েছে।

অভিযোগপত্রে বিজেপির বক্তব্য, “এটা দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তৃণমূলের একজন সাংসদের মুখের ভাষা। এটা তৃণমূলের সংস্কৃতিকেই তুলে ধরছে।”  বিজেপি নেতা শিশির বাজোরিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঘৃণাত্মক ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন।


Share