Election Commission

ভোটে ভয় দেখালেই হবে ‘রিপোল’! পুনর্নির্বাচন নিয়ে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন

জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এ পুনর্নির্বাচনের নিয়মাবলি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কোন পরিস্থিতিতে কোনও বুথে বা ভোটকেন্দ্রে পুনর্নির্বাচন হবে, তা আইনে নির্ধারিত থাকলেও বাস্তব পরিস্থিতি বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশনের হাতেই থাকে।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১০:০৮

বিধানসভা নির্বাচনে কোন বুথে পুনর্নির্বাচন হবে, তা নিয়ে এ বার কড়া অবস্থান নিতে চলেছে নির্বাচন কমিশন। এতদিন যেখানে পুনর্নির্বাচনকে ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখা হত, এ বার অভিযোগ উঠলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে কমিশন। কমিশনের স্পষ্ট বার্তা, কোথাও ভোটারদের ভয় দেখানো, ভোটদানে বাধা, বুথ দখল বা গুরুতর অনিয়মের অভিযোগ উঠলেই সংশ্লিষ্ট বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১ অনুযায়ী, পুনর্নির্বাচনের নিয়ম স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে। কোন পরিস্থিতিতে কোনও বুথে বা ভোটকেন্দ্রে পুনর্নির্বাচন হবে, তা আইনে নির্ধারিত থাকলেও বাস্তব পরিস্থিতি বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশনের হাতেই থাকে।

অতীতের বিভিন্ন নির্বাচনে রাজ্যের একাধিক বুথে ছাপ্পা ভোট, ভোটারদের ভয় দেখানো, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠলেও পুনর্নির্বাচনের সংখ্যা তুলনামূলক ভাবে সীমিত ছিল। সাধারণত প্রিসাইডিং অফিসারের রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হত। শনিবার কমিশন জানিয়েছে, প্রয়োজন হলে স্বতঃপ্রণোদিত ভাবেও তারা সংশ্লিষ্ট বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেবে।

কমিশনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, কোথাও গুরুতর অনিয়ম হয়েছে বলে মনে হলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। ফলে এ বার পুনর্নির্বাচনের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। জনপ্রতিনিধিত্ব আইনের ৫৮(এ) ধারা অনুযায়ী, বুথ দখলের ঘটনা ঘটলে সেই বুথের ভোট বাতিল করে পুনর্নির্বাচন করা হবে। একই ভাবে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া, রাস্তা আটকে দেওয়া বা জোর করে ভোটপ্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ উঠলেও ১৩৫(এ) ধারায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

কমিশন আরও জানিয়েছে, কোনও ভোটার যদি হুমকির কারণে ভোটকেন্দ্রে যেতে না পারেন, তবে তিনি বাড়িতে বসেই কমিশন বা পর্যবেক্ষকের কাছে ফোনে অভিযোগ জানাতে পারবেন। ভোট দিতে ইচ্ছুক কোনও ব্যক্তি ভয়ভীতি বা বাধার কারণে বুথে পৌঁছতে না পারলেও সংশ্লিষ্ট বুথে পুনর্নির্বাচনের বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি স্পষ্ট করে দেওয়া হয়েছে, ভোটের দিন হুমকি, অশান্তি বা ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠলে পুলিশ গ্রেফতারি পরোয়ানা ছাড়াই ব্যবস্থা নিতে পারবে।


Share