BJP in Balurghat

বিজেপি প্রার্থী, তবু পুরসভার আইনি পরামর্শদাতা! বালুরঘাটে বিদ্যুৎ রায়কে ঘিরে নতুন বিতর্ক

জানা গিয়েছে, নব্বইয়ের দশক থেকেই আইনজীবী বিদ্যুৎকুমার রায় বালুরঘাট পুরসভার আইনি পরামর্শদাতা হিসেবে যুক্ত। প্রথমে বাম আমলে, পরে তৃণমূল পরিচালিত বোর্ডেও তিনি একই দায়িত্ব পালন করে আসছেন।

বিজেপি প্রার্থী বিদুৎ কুমার রায়
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট
  • শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ০৬:৩২

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বালুরঘাটে বিদ্যুৎ কুমার রায়-কে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। বিজেপি প্রার্থী হওয়া সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার আইনি পরামর্শদাতা হিসেবে দায়িত্বে রয়েছেন। এই বিষয়টিকেই সামনে এনে সমাজ মাধ্যমে সরব হয়েছে তৃণমূল।

জানা গিয়েছে, নব্বইয়ের দশক থেকেই আইনজীবী বিদ্যুৎকুমার রায় বালুরঘাট পুরসভার আইনি পরামর্শদাতা হিসেবে যুক্ত। প্রথমে বাম আমলে, পরে তৃণমূল পরিচালিত বোর্ডেও তিনি একই দায়িত্ব পালন করে আসছেন। তৃণমূলের অভিযোগ, অতীতে বামফ্রন্ট সরকার এবং পরে তৃণমূল আমলেও তিনি পুরসভা থেকে আর্থিক সুবিধা নিয়েছেন এবং এখনও সেই সুবিধা পাচ্ছেন। পাশাপাশি, নিজেকে বালুরঘাট ল কলেজের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দাবি করে বিভ্রান্তিকর তথ্য তুলে ধরছেন বলেও অভিযোগ শাসকদলের।

এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ বলেন, 'বিদ্যুৎ রায় একসময়ে বামফ্রন্টের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে তৃণমূলের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা ছিল। পুরসভার আইনি পরামর্শদাতা হিসেবে তিনি রয়েছেন বলে শুনেছি। তিনি নিজেকে ল কলেজের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দাবি করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা কথা। মিথ্যার ভর করে ভোট বৈতরণি পার হওয়ার চেষ্টা করছেন। বালুরঘাটের মানুষই এর বিচার করবে।'

অন্যদিকে সব অভিযোগ উড়িয়ে দিয়ে বিদ্যুৎকুমার রায়ের বক্তব্য, নিজের যোগ্যতার ভিত্তিতেই তিনি এই দায়িত্ব পেয়েছেন এবং এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তাঁর দাবি, বহু ক্ষেত্রেই তিনি বিনামূল্যে কাজ করেছেন, এমনকি এখনও তাঁর বেশ কিছু বিল বকেয়া রয়েছে। ল কলেজের বিষয়ে তিনি জানান, নিজেকে কখনও প্রতিষ্ঠাতা সম্পাদক বলেননি, তবে প্রতিষ্ঠার সময় থেকেই কলেজের সঙ্গে যুক্ত আছেন।

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, 'বিদ্যুৎ রায় দীর্ঘদিন পুরসভার আইনি পরামর্শদাতা হিসেবে কাজ করলেও প্রার্থী হওয়ার পর থেকে তাঁর কাছ থেকে আর কোনও পরামর্শ নেওয়া হচ্ছে না।'


Share