Election 2026

‘ভিসা পাসপোর্ট নিয়ে তেহরানে যাক’, গ‍্যাসের দামবৃদ্ধি নিয়ে তৃণমূলকে কটাক্ষ রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

শুভেন্দুর কথায়, দেশে কোথাও কোনও গ‍্যাসের সংকট নেই। ইরানে যুদ্ধের পরিস্থিতির জন‍্য সাময়িক ভাবে সমস্যা তৈরি হয়েছে। তিনি বলেন, “দেশের মধ‍্যে থেকে বিরোধী রাজনৈতিক দলগুলির এমন আচরণ অত্যন্ত দুঃখজনক।”

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ০৩:৪৩

মধ‍্যপ্রাচ‍্যের যুদ্ধের জন্য গ‍্যাসের বৃদ্ধি হয়েছে। তা নিয়ে সরব হয়েছে রাজ‍্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এ বার তা নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সত‍্যি যদি তাঁরা দেশকে ভালোবাসেন, তাহলে ইরানে যান। সেখানে গিয়ে ধর্না দিন।

রাজ‍্যে গ‍্যাসের সংকট হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এই দায় কেন্দ্রীয় সরকারের বলেও দাবি করেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে সংসদের বাইরেও ধর্না দেয় তৃণমূল সাংসদরা। শুক্রবার সকালে নবনিযুক্ত রাজ‍্যপাল আর এন রবির সঙ্গে দেখা করতে যান রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রায় আধঘণ্টা বৈঠক করে বেরিয়ে তৃণমূলকে কটাক্ষ করে একাধিক মন্তব্য করেছেন।

শুভেন্দুর কথায়, দেশে কোথাও কোনও গ‍্যাসের সংকট নেই। ইরানে যুদ্ধের পরিস্থিতির জন‍্য সাময়িক ভাবে সমস্যা তৈরি হয়েছে। তিনি বলেন, “দেশের মধ‍্যে থেকে বিরোধী রাজনৈতিক দলগুলির এমন আচরণ অত্যন্ত দুঃখজনক।” এর পরেই তিনি কটাক্ষের সুরে তৃণমূলকে বলেন, “ওদের কাছে অনেক টাকা আছে। ভারত সরকারের কাছে অনুমতি নিয়ে ভিসা পাসপোর্ট বানিয়ে নিক। পারলে এখান থেকে কিছু ডিঙি নৌকা নিয়ে যাক। তা দিয়ে হরমুজ প্রণালী পাহারা দিক। তবেই বোঝা যাবে তাঁরা কতটা দেশসেবার কাজ করছে।” শুভেন্দু আরও বলেন, “তাঁরা তেহরানে যাক। সেখানে গিয়ে তাঁরা খামেনেইয়ের বাড়ির বাইরে ধর্না দিক।”

উল্লেখ্য, ধর্মতলার ধর্নামঞ্চ থেকে গ‍্যাসের দামবৃদ্ধি নিতে সরব হয়েছিলেন রাজ‍্যর মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার বিকেলে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ‍্যাসের দামবৃদ্ধি নিয়ে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে গ‍্যাসের দামবৃদ্ধিকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। বুধবার এবং বৃহস্পতিবার রাজ‍্য প্রসাশনের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায় তা নিয়ে কিছু নির্দেশিকা বেঁধে দিয়েছেন তিনি।

শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরে তৃণমূল কংগ্রেস সমাজমাধ্যমে জানায়, “যেখানেই তথাকথিত “ডাবল ইঞ্জিন” সরকার ক্ষমতায় আসে, সেখানে সেটি একটিমাত্র জ্বালানিতেই চলে, সেটা হল লুটপাট।”তৃণমূলের অভিযোগ, “গ‍্যাসের কোনও স্বস্তি বা সহায়তা দেওয়া হয়নি। কোনও জবাবদিহি করেনি। কোনও পরিকল্পনাও সামনে আনা হয়নি। আছে শুধু সেই চেনা, অবজ্ঞাপূর্ণ নীরবতা। এটা একটি এমন সরকার, যারা জেনে গেছে সাধারণ মানুষের ওপর যতই দুর্ভোগ চাপিয়ে দেওয়া হোক না কেন, তার কোনও পরিণাম তাকে ভোগ করতে হবে না।”


Share