Leander Paes

দিল্লির বিজেপির সদর দফতরে গিয়ে দলে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, নিউ টাউনের হটেলেই হয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত

বিজেপি প্রথম দফায় ১৪৪টি আসনে প্রার্থিতালিকা ঘোষণা করেছে। পরের দফায় ১১১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তৃতীয় দফায় ১৯ জনের নাম ঘোষণা করে। মঙ্গলবার সকালে ১৩ জনের চতুর্থ তালিকা প্রকাশ করেছে বিজেপি।

বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ০২:০০

বিজেপিতে যোগ দিলেন কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ। মঙ্গলবার দুপুরে তিনি দিল্লির সদর দফতরে গিয়ে অনুষ্ঠানিক ভাবে দলে যোগ দিলেন। এর আগে নিউ টাউনের হোটেলে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এ দিন তাঁর যোগদান পর্বে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।

এক সপ্তাহ আগে রাজ্য এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সাংগঠনিক কাজে এ রাজ্যে এসেছিলেন তিনি। উঠেছিলেন নিউ টাউনের হোটেলে। তার মধ্যেই গত মঙ্গলবার সেখানে দেখা করতে যান কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ। বিজেপি সূত্রের খবর, সেই দিনই কার্যত বিজেপিতে যোগ দেওয়ার কথা চূড়ান্ত হয়। তাঁর দলে যোগ দেওয়ার সময়ের অপেক্ষা ছিল।

নিতিন নবীনের সঙ্গে বৈঠকের এক সপ্তাহের মধ্যেই বিজেপিতে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। রাজনীতির আঙিনায় লিয়েন্ডার অবশ্য নতুন নয়। তিনি ২০২১ সালের ২১ নভেম্বর গোয়া নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তিনি। তবে তার পর থেকে তাঁকে সক্রিয় ভাবে তৃণমূলের হয়ে রাজনীতির ময়দানে দেখা যায়নি।

উল্লেখ্য, বিজেপি প্রথম দফায় ১৪৪টি আসনে প্রার্থিতালিকা ঘোষণা করেছে। পরের দফায় ১১১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তৃতীয় দফায় ১৯ জনের নাম ঘোষণা করে। মঙ্গলবার সকালে ১৩ জনের চতুর্থ তালিকা প্রকাশ করেছে বিজেপি। এখনও ছ’টি আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি রাজ্যের প্রধান বিরোধী দল। তার মধ্যে রয়েছে কৃষ্ণনগর উত্তর, দমদম উত্তরের মতো বিধানসভা কেন্দ্র। তার মধ্যেই একটি আসনে কি এ বার টেনিস তারকাকে লড়তে দেখা যাবে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বিজেপি সূত্রের খবর, প্রায় আট মাস আগে দিল্লিতে দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। গত ৮ নভেম্বর লিয়েন্ডার পেজ বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব নেন। কয়েক মাসের মধ্যে নতুন ভূমিকায় তাঁকে দেখতে পেয়ে চমক বলেই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, তিনি মাইকেল মধুসুদন দত্তের উত্তরসূরি। 


Share