Amit Shah

রাজ‍্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে করবেন রোড শো

বিজেপি সূত্রের খবর, আগামীকাল রাতে ১১টা ০৫ মিনিট নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা বিমানবন্দরে পৌঁছোবেন। সেখান থেকে সোজা চলে যাবেন নিউ টাউনের একটি হোটেলে। সেখানে রাত্রিযাপন করবেন তিনি।

ভবানীপুরে রোড শো করবেন অমিত শাহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ০১:১৩

রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাতে তিনি শহরে পা রাখবেন। পরের দিন তিনি মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করবেন। ওই দিনই শুভেন্দুর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাহ।

বিজেপি সূত্রের খবর, আগামীকাল রাতে ১১টা ০৫ মিনিট নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা বিমানবন্দরে পৌঁছোবেন। সেখান থেকে সোজা চলে যাবেন নিউ টাউনের একটি হোটেলে। সেখানে রাত্রিযাপন করবেন তিনি।

পরের দিন, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করবেন। ওই দিনই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের হয়ে মনোনয়নপত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী। হাজরা মোড় থেকে রোড শো শুরু হবে। ১২টা থেকে সেই রোড শো শুরু হওয়ার কথা রয়েছে। সেখান থেকে সার্ভে বিল্ডিং যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক কিলোমিটারের বেশি রোড শো করবেন। শুভেন্দুর মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রমে অংশগ্রহণ করতেই তিনি কলকাতায় আসছেন।

পড়শু রাজ‍্য বিজেপির সদর দফতর থেকে শুভেন্দু অধিকারী দলীয় প্রতীক নিয়ে যান। নন্দীগ্রাম এবং ভবানীপুরের জন্য দলীয় প্রতীক শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেন রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। এ যাবৎ কালে বিজেপি তাঁদের কোনও প্রার্থীকে এমন ভাবে দলীয় প্রতীক হাতে তুলে দিয়েছে, তা কেউ মনে করতে পারছে না। 

উল্লেখ্য, গতকাল নন্দীগ্রামের জন‍্য শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেই অনুষ্ঠানেও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উপস্থিত ছিলেন। এ বার পালা ভবানীপুরের। এই কেন্দ্রের জন‍্য মনোনয়নপত্র জমা দেওয়ার শুভেন্দুর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভবানীপুরে তৃণমূলের প্রার্থী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী দলীয় প্রচারের এই মুহূর্তে জেলায় প্রচার করছেন। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করছেন। তাঁর কেন্দ্রেই শুভেন্দুকে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি। এ বার ভবানীপুরের প্রার্থীর সমর্থনে অমিত শাহের রোড শো করাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ বলেই মনে করছে রাজনৈতিক মহল।


Share