Malda Voter Protest

‘ডি-ভোটার’ অভিযোগে মালদহে উত্তেজনা, বুথ পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে নির্বাচন কমিশনের অবজার্ভার

ইংলিশবাজার বিধানসভার বুথ পরিদর্শনে গিয়ে নির্বাচন কমিশনের জেনারেল অবজার্ভার গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন। সাট্টারি গ্রামে তাঁকে ঘিরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান।

বিক্ষোভের মুখে নির্বাচন কমিশনের অবজার্ভার
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১১:৫২

মঙ্গলবার সকাল থেকে মালদহ জেলার একাধিক বিধানসভা এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং বহু বাসিন্দাকে ‘ডি-ভোটার’ চিহ্নিত করার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। মোথাবাড়ি বিধানসভার পাশাপাশি ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রেও বিক্ষোভ শুরু হয়।

ইংলিশবাজার বিধানসভার বুথ পরিদর্শনে গিয়ে নির্বাচন কমিশনের জেনারেল অবজার্ভার গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন। সাট্টারি গ্রামে তাঁকে ঘিরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি মালদহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে সাধারণ পর্যবেক্ষককে ঘিরে বিক্ষোভ চলে। এর ফলে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয় এবং পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।

গ্রামবাসীদের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বহু মানুষের নাম বর্তমান তালিকায় অনুপস্থিত অথবা তাঁদের ‘ডি-ভোটার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর জেরে ভবিষ্যতে ভোটাধিকার প্রয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

এই ঘটনার প্রতিবাদে সকাল থেকেই গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। নির্বাচন কমিশনের কাছে দ্রুত সমস্যার সমাধান এবং ভোটার তালিকা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তাঁরা। 


Share