BJP-TMC Clash

বিজেপি-তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্র স্টান্ড রোড চত্বর, জখম এক বিজেপি কর্মী, দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনীর

সকাল থেকেই রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে তৃণমূল কর্মীদের জমায়েত শুরু হয়। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যান।

রাস্তায় পড়ে রয়েছে বাইক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ০৭:২০

ফর্ম-৬ বিতর্ক নিয়ে রণক্ষেত্র রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের চত্বর। সেখানে দফায় দফায় বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এক বিজেপি কর্মী জখম হয়েছে বলে দাবি করা হয়েছে। বাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

সকাল থেকেই রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে তৃণমূল কর্মীদের জমায়েত শুরু হয়। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যান। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে শুরু হয় বিক্ষোভ।

অন‍্যদিকে, বিজেপি কর্মীরাও জমায়েত শুরু করেন। তাঁদের অভিযোগ, এক পর্যায়ে কয়েক জন তৃণমূল কর্মী ঢুকে পড়ে। তার পরে সামনে থাকা বাইক ভাঙচুর করে। তার মধ‍্যেই বিজেপি কর্মীদের ওপরে হামলা করে বলে অভিযোগ। মধ্য কলকাতার বিজেপি নেতা কালী খটিকের দাবি, হামলার কয়েক জন বিজেপি কর্মী জখম হয়েছেন। তৃণমূল কর্মীরা পুলিশকেও মারধর করেছে। যদিও কতজন পুলিশ কর্মী জখম হয়েছেল তা নিয়ে স্পষ্ট করেনি লালবাজার।

ঘটনায় বিজেপি নেতা কালী খটিক বলেন, “তৃণমূলের লোকেরা এসে আমাদের ওপর হামলা করেছে। আমরাও ছেড়ে দেব না। এর শেষ দেখে ছাড়ব।” তৃণমূলের পাল্টা অভিযোগ, নির্বাচন কমিশনের কাছে বস্তায় করে ফর্ম-৬ ঢুকছে। তারই প্রতিবাদ করছি। কিন্তু বিজেপির কর্মীরা এসে তাঁদের ওপর হামলা করেছে।”

পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। কয়েক ঘণ্টা ধরে দু’পক্ষের বিক্ষোভ চললেও কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যায়নি বলেই দাবি করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) শ্রীকান্ত জগন্নাথ রাও। শ্রীকান্ত বলেন, “দুটি রাজনৈতিক দল এখানে রয়েছে। এখানে ১৬৩ ধারা জারি করা আছে। শান্তি বিঘ্নিত হতে আমি দেব না।”


Share