Mamata Banerjee

উত্তরবঙ্গ সফর শেষে ভবানীপুর কেন্দ্রের জন‍্য মনোনয়ন জমা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দলীয় সূত্রের খবর, ৮ এপ্রিল সকালে উত্তরবঙ্গ সফর শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরবেন। সেদিনই কালীঘাট ব্রিজ থেকে একটি বিশাল মিছিলের নেতৃত্ব দিয়ে তিনি সার্ভে বিল্ডিংয়ে পৌঁছে নিজের মনোনয়নপত্র জমা দেবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১০:১১

বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এই নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল  কংগ্রেস ময়সদানে নেমেছে। সব দিকেই প্রচার চলছে। এই আবহে ৮ এপ্রিল হাই-ভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দলীয় সূত্রের খবর, আগামী ৮ এপ্রিল সকালে উত্তরবঙ্গ সফর শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরবেন। সেদিনই কালীঘাট ব্রিজ থেকে একটি বিশাল মিছিলের নেতৃত্ব দিয়ে তিনি সার্ভে বিল্ডিংয়ে পৌঁছে নিজের মনোনয়নপত্র জমা দেবেন। মনোনয়ন দাখিলের দিন বড় আকারে শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস।

বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ৭ এপ্রিল পর্যন্ত সেখানে একাধিক জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। একই সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জেলার পর জেলা ঘুরে বিজেপির বিরুদ্ধে প্রচার জোরদার করছেন। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প মানুষের সামনে তুলে ধরছেন। পাশাপাশি শিখ ও জৈন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৈঠকের পরিকল্পনাও করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

প্রথম দফার নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। ৭ এপ্রিল মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে এবং ৯ এপ্রিল পর্যন্ত প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন। দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রে মনোনয়ন জমার শেষ তারিখ ৯ এপ্রিল, স্ক্রুটিনি ১০ এপ্রিল এবং নাম প্রত্যাহারের শেষ সময় ১৩ এপ্রিল।


Share