TMC Announced Candidate

তালিকায় নেই পার্থ, রয়েছেন জ‍্যোতিপ্রিয়, হুগলির তপন-অসিতকে টিকিট দিল না দল, প্রার্থিতালিকায় চমক তৃণমূলের

৭৪ জন বিধায়ককে টিকিট দেওয়া হয়নি। তার জায়গায় নতুন মুখকে সামনে নিয়ে আসা হয়েছে। ১৫০ জন বিধায়ক টিকিট পেয়েছেন। সব মিলিয়ে ২৯১টি আসনে প্রার্থিতালিকা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিক বৈঠক করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ০৬:৫৪

টিকিট পেলেন না শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু রেশন দুর্নীততে অভিযুক্ত জ‍্যোতিপ্রিয় মল্লিকের ওপর ভরসা রাখল দল। এমনকী, হুগলির দাপুটে তৃণমূল নেতা তপন দাশগুপ্তকেও টিকিট দিল না দল। চুঁচুড়ার অসিত মজুমদারকেও টিকিট দেওয়া হয়নি। হাওড়া জেলার প্রাক্তন জেলা সভাপতি কল‍্যাণ ঘোষকেও টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। ৭৪ জন বিধায়ককে টিকিট দেওয়া হয়নি। তার জায়গায় নতুন মুখকে সামনে নিয়ে আসা হয়েছে। ১৫০ জন বিধায়ক টিকিট পেয়েছেন। সব মিলিয়ে ২৯১টি আসনে প্রার্থিতালিকা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেহালা পূর্বের বিধায়ক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছে। গ্রেফতারও হয়েছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। তিনি নিজের কেন্দ্রে ভোটে লড়বেন বলেও ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস তাঁকে প্রার্থী করল না। অন‍্যদিকে, কিন্তু রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন তৎকালীন খাদ্যমন্ত্রী জ‍্যোতিপ্রিয় মল্লিক। তিনিও জামিনে মুক্তি পেয়েছিলেন। তাঁকে নিজের বিধানসভা কেন্দ্র, হাবরা থেকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস।

অন‍্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা সতীর্থ তপন দাশগুপ্তকে টিকিট দিল না তৃণমূল কংগ্রেস। তিনি রাজ্যের মন্ত্রীও ছিলেন। হুগলির সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জিতে তিনি বিধায়ক হয়েছিলেন। কিন্তু এ বারে তাঁকে আর টিকিট দিল না তৃণমূল কংগ্রেস। সেখানে ফুটবলার বিদেশ বোসকে প্রার্থী করা হয়েছে। তিনি বর্তমানে উলুবেরিয়া পূর্বের বিধায়ক। তাঁকে সপ্তগ্রামে পাঠানো হয়েছে। অন‍্যদিকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকেও টিকিট দেয়নি দল। একাধিক বিতর্কে জড়িয়েছিলেন এই প্রবীণ তৃণমূল নেতা। আবার দলীয় সমীক্ষায় তাঁর রিপোর্ট ভালো ছিল। তার পরেও কেন দল তাঁকে টিকিট দিল না তা নিয়ে ঘনিষ্ঠেরাও হতবাক। চুঁচুড়ায় প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। তিনি তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের নেতা। লোকসভা ভোটেও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন। কিন্তু হেরে গিয়েছিলেন।

হাওড়ার জেলার বিধানসভা কেন্দ্রেগুলিতেও গুরুত্বপূর্ণ বদল এনেছে তৃণমূল কংগ্রেসম সেখানে প্রাক্তন জেলা সভাপতি কল‍্যাণ ঘোষকে তৃণমূল টিকিট দেয়নি। তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে থাকা কল‍্যাণ ঘোষকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডোমজুড় কেন্দ্র থেকে টিকিট দিয়েছিল তৃণমূল। এ বারে তাঁকে টিকিট দেওয়া হল না। সব গুঞ্জন ছিল, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেবে তৃণমূল। কল‍্যাণও চর্চায় ছিলেন। সব জল্পনা উড়িয়ে তাপস মাইতিকে প্রার্থী করেছে তৃণমূল। তিনি জেলা পরিষদের সদস্য।

আবার পানিহাটি থেকে নির্মল ঘোষ ওরফে নান্টুকে এ বারে আর টিকিট দিল না তৃণমূল। সেই জায়গায় তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষকে টিকিট দেওয়া হয়েছে। যুবনেতার এলাকায় জনসংযোগ রয়েছে। দলীয় সমীক্ষায় তাঁর ভালোই ফল মিলেছে। সেটাকেই সিলমোহর দিয়েছে তৃণমূল কংগ্রেস।

অন‍্যদিকে, আরজি করে দুর্নীতি মামলার তদন্তে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। চিকিৎসক মহলেও চিকিৎসক সুদীপ্ত রায়কে নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। মুখ্যমন্ত্রী যে তা একেবারেই ভালো ভাবে নেননি তা এই তালিকায় স্পষ্ট। তাঁকে এ বারে আর টিকিট দেয়নি তৃণমূল। সেই জায়গায় তন্ময় ঘোষকে প্রার্থী করা হয়েছে। উত্তরপাড়া বিধানসভায় একাধিক নাম সামনে আসছিল। চর্চায় ছিলেন প্রবীর ঘোষালের নাম। তিনিও টিকিট পেলেন না। সেখানে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ‍্য বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। তিনি হাই কোর্টের আইনজীবী।

পাঁচ টাকার শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে নাম উঠে এসেছিল রানা চট্টোপাধ্যায়ের। তিনি বালি বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন। কিন্তু সেখানে জনপ্রিয়তা কমেছে। জনসংযোগও ঠিকমতো করছিলেন না। দলীয় সমীক্ষায় তা উঠে আসার পরে আসন বদল করে দেওয়া হয়েছে। তাঁকে শিবপুরে পাঠানো হয়েছে। ক্রিকেটার মনোজ তিওয়ারিকে এ বারে আর টিকিট দেয়নি তৃণমূল। বালি কেন্দ্রে প্রার্থী হয়েছেন হাওড়া সদরের যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র।

উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন চিকিৎসক নির্মল মাঝি। তাঁকে গোঘাটে প্রার্থী করেছে তৃণমূল। বর্তমান আসনটি বিজেপির দখলে রয়েছে। উলুবেড়িয়া উত্তর এবং উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে যথাক্রমে বিমলকুমার দাস এবং আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এন্টালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বর্ণকমল সাহাকে এ বারে আর প্রার্থী করেনি তৃণমূল। বদলে তাঁর ছেলে সন্দীপন সাহাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বেলাঘাটায় পরেশ পালের বদলে সাংবাদিক কুনাল ঘোষকে প্রার্থী করা হয়েছে। মানিকতলা থেকে শ্রেয়া পান্ডেকে প্রার্থী করেছে তৃণমূল। জোড়াসাঁকো কেন্দ্র থেকে বিবেক গুপ্তের বদলে বিজয় উপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।


Share