Election 2026

‘তৃণমূলকে হারানোর পরিকল্পনা হয়েছে,’ ম‍্যরাথন বৈঠকের পরে জানালেন শুভেন্দু অধিকারী, রবি-সোমে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, খবর সূত্রের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "প্রার্থী তালিকা নিয়ে কিছু হয়নি। তৃণমূলকে হারানোর পরিকল্পনা হয়েছে। প্রার্থী তালিকায় এ বারে নীচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী। তৃণমূলরকে হারাতে হবে। প্রাক্তন করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।"

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ০১:০১

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সরকারি এবং বিজেপির মহা সমাবেশে যোগ দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় সূত্রের খবর, প্রধানমন্ত্রীর ব্রিগেডের সভার পরই প্রথম দফা প্রার্থীতালিকা প্রকাশ করতে পারে বিজেপি। রবিবার বা সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বলে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার রাজ‍্যের বিজেপির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নির্বাচনী কমিটিরর বৈঠক হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির নির্বাচনী কমিটির প্রধান। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে অমিত শাহ, রাজনাথ সিংহ, জেপি নাড্ডা, সুনীল বনসল, বিপ্লব দেব উপস্থিত ছিলেন। রাজ‍্য বিজেপির তরফে ছিলেন, সভাপতি শমীক ভট্টাচার্য, সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার।

বিজেপি সূত্রের খবর, বৈঠকে বিধানসভা নির্বাচনের প্রার্থীতালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রথম দফায় প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে। শুক্রবারই সেই নামে সিলমোহর দিয়ে দিতে পারে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। সব কিছু ঠিকঠাক থাকলে রবিবার বা সোমবারই ১৫০টির বেশি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে বিজেপি।

বিজেপি সূত্রের এ-ও জানা যাচ্ছে, বর্তমানে যাঁরা বিধায়ক রয়েছেন তাঁদের অধিকাংশই টিকিট পাচ্ছেন। দলের পুরোনো কর্মী, যাঁরা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাঁদেরও প্রাধান্য দেওয়া হয়েছে। আবার পাশাপাশি হালফিলে দলে যাঁরা এসেছেন তাঁদেরও প্রাধান্য দেওয়া হয়েছে। আরার নির্বাচনে লড়াতে পারেন কয়েক সাংসদও।

বৃহস্পতিবার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "প্রার্থী তালিকা নিয়ে কিছু হয়নি। তৃণমূলকে হারানোর পরিকল্পনা হয়েছে। প্রার্থী তালিকায় এ বারে নীচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী। তৃণমূলরকে হারাতে হবে। প্রাক্তন করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।"

এ বারে বিজেপি-র প্রার্থীতালিকায় কোনও চমক থাকবে কি? তা যদিও খোলসা করেননি শুভেন্দু। আপাতত মোদির ব্রিগেডকেই সামনে রাখতে চাইছেন তাঁরা। তবে ২০২৬-এর নির্বাচনেই পশ্চিমবঙ্গ থেকে ‘তৃণমূলের বিসর্জন’ ঘটবে বলে দাবি করেন তিনি। শনিবারের সমাবেশে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে যাবে বলেও দাবি করেন বিরোধী দলনেতা।

ব্রিগেডের সমাবেশের আগে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। জানিয়েছেন, সেখান থেকে একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা করবেন তিনি।  যদিও তা নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এ ভাবে পাশাপাশি, রাজনৈতিক এবং সরকারি সভা করা যায় কি না, প্রশ্ন তুলেছেন তিনি।


Share