IPS Posting

আবার বদলি হলেন ভোলানাথ পান্ডে, পাঁচ রেঞ্জের ডিআইজিকে বদলি করে দিল নির্বাচন কমিশন, কাজে যোগ দেওয়ার পরে দিতে রিপোর্ট

বুধবার সকালে নির্বাচন কমিশন রাজ‍্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালাকে চিঠি পাঠিয়েছে। সমস্ত ডিআইজি আধিকারিকদের ২৪ ঘন্টার মধ্যে কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে নিজের দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে। তাঁরা কাজে যোগ দিয়েছেন কি না তা নিয়ে রিপোর্ট দিতেও বলা হয়েছে।

আইপিএস অফিসার ভোলানাথ পান্ডে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ০১:০০

আবার বদলি হলেন আইপিএস অফিসার ভোলানাথ পান্ডে। নির্বাচন ঘোষণার আগে তাঁকে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি করেছিল রাজ্য সরকার। রাজ‍্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার, বিভিন্ন রেঞ্জের আইজিদের রদবদলের পরে ডিআইজিদের বদলি করে দিল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, সব রেঞ্জের ডিআইজিরা কাজে যোগ দেওয়ার পরে কমিশনকে রিপোর্ট পাঠাবে রাজ্যের মুখ্যসচিব।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ‍্য পুলিশের পাঁটি রেঞ্জের ডিআইজি পরিবর্তন করল নির্বাচন কমিশন। জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি ছিলেন ভোলানাথ পাণ্ডে। তিনি তারও আগে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ছিলেন। ২০২১ সালে বিজেপির সভাপতি জেপি নাড্ডার গাড়িতে হামলার ঘটনার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁকে তলব করেছিল। তাঁকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে। তাঁর জায়গায় অঞ্জলি সিংহকে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি করে পাঠানো হল। অঞ্জলি রাজ‍্য পুলিশের ট্রাফিকের ডিআইজি ছিলেন। তারও আগে অঞ্জলি রাজ‍্য পুলিশের সাইবার ক্রাইম শাখার ডিআইজি ছিলেন।

নির্দেশিকা অনুযায়ী, রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি ছিলেন নিমবলকর সন্তোষ উত্তমরাও। তাঁকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। রাঠর অমিতকুমার ভরতকে রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি করে করা হয়েছে। অমিতকুমার এর আগে রাজ‍্য পুলিশের ট্রাফিকের ডিআইজি ছিলেন। তিনিও এর আগে রাজ‍্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডিআইজি ছিলেন।

অন‍্য দিকে, মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ছিলেন সুধীরকুমার নিলকান্তম। তাঁকেও সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অজিত সিং যাদবকে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি করেছে নির্বাচন কমিশন। অজিত এর আগে রাজ‍্য পুলিশের ডিইও-র সুপার ছিলেন। দীর্ঘদিন তিনি এই পদেই ছিলেন তিনি।

বর্ধমান রেঞ্জের ডিআইজি ছিলেন অলোক রাজোরিয়া। অলোক রাজোরিয়া ব‍্যারাকপুরের কমিশনারও ছিলেন। তাঁকে সরিয়ে বর্ধমান রেঞ্জের ডিআইজি করা হল শ্রীহরি পান্ডেকে। শ্রীহরি এর আগে উত্তরবঙ্গের আইবিতে ছিলেন। এ ছাড়াও, কঙ্করপ্রসাদ বারুইকে পাঠানো হল প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি করে। কঙ্করপ্রসাদ এর আগে ডিআইজি( প্রিজন) ছিলেন। প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি ছিলেন ভাস্কর মুখোপাধ্যায়। তাঁকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার সকালে নির্বাচন কমিশন রাজ‍্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালাকে চিঠি পাঠিয়েছে। সমস্ত ডিআইজি আধিকারিকদের ২৪ ঘন্টার মধ্যে কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে নিজের দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে। তাঁরা কাজে যোগ দিয়েছেন কি না তা নিয়ে রিপোর্ট দিতেও বলা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচন ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে ২৭ জন আইপিএস অফিসার এবং দুই শীর্ষ আইএএস অফিসারকে বদলি করেছে নির্বাচন কমিশন।


Share