Illegal Stone Mining

নলহাটিতে দশ হাজার জিলেটিন স্টিক উদ্ধারে তীব্র বিতর্ক, অভিযোগ–পাল্টা অভিযোগে উত্তাল রাজনৈতিক মহল

ভোটের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর। একে অপরের বিরুদ্ধে অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি।

উদ্ধার হওয়া জিলেটিন স্টিক ও ডিটোনেটর
নিজস্ব সংবাদদাতা, নলহাটি
  • শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ০৫:৫৬

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ প্রবল। এরই মধ্যে ভোটের আগে বীরভূম জেলার নলহাটি এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। ভোটের আবহে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। 

নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। চলছে জোরকদমে প্রচার। তারই মাঝে বিস্ফোরক উদ্ধারের ঘটনা।যা বীরভূমের রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নলহাটি থানার অন্তর্গত বাউটিয়া পঞ্চায়েতের কাঁদাসীর এলাকায় একটি ট্রাক্টরকে ঘিরে সন্দেহ তৈরি হয়। গ্রামবাসীরা সেটিকে আটকিয়ে তল্লাশি চালায়। তাতেই বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য। কাগজের বাক্সে ভরা অবস্থায় বিপুল পরিমাণ জিলেটিন স্টিক ও ডিটোনেটর ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে। প্রায় ১০ হাজার জিলেটিন স্টিক ও ৩৬০টি ডিটোনেটর উদ্ধার করা হয়।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কোথা থেকে এই বিস্ফোরক আনা হচ্ছিল? বা কোথায় পাচারের উদ্দেশ্য ছিল? ভোটের আগে কোনও নাশকতার ছক! নাকি অন্য কোনও অসাধু কাজের সঙ্গে এর যোগ রয়েছে। তা পুলিশ খতিয়ে দেখছে। ঘটনায় ট্রাক্টর চালক পালিয়ে গিয়েছে বলে জানা গেছে। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

রাজনৈতিক মহলেও এই ঘটনা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। বীরভূম সাংগঠনিক বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা অভিযোগ করেছেন, এই বিস্ফোরক পাচারের পিছনে তৃণমূলের যোগ থাকতে পারে। তাঁর দাবি, নলহাটি এলাকায় বিপুল পরিমাণে অবৈধ পাথর খাদান চলছে। এই পাথর খাদানগুলিতে বিস্ফোরণ ঘটানোর জন্য এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ করছে অসাধু পাথর ব্যবসায়ীরা।

 সম্প্রতি রাজগ্রামের গোপালপুর পাথর খাদানে ধসের ঘটনা ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত তার কোনও গ্রেফতার হয়নি। তাই তিনি এই বিষয়ে প্রশ্ন তুলেছেন।

অন্যদিকে, পাথর খাদান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দ্রজিৎ গুপ্ত জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে তিনি খোঁজ নিচ্ছেন। নলহাটি শহর তৃণমূল সভাপতি পিন্টু সিং বলেন, এই বিষয়ে পাথর খাদান সংশ্লিষ্টদের কাছ থেকেই স্পষ্ট তথ্য পাওয়া সম্ভব। তবে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলেই তিনি আশা প্রকাশ করেন। এদিকে সদ্য দায়িত্বপ্রাপ্ত বীরভূমের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব জানিয়েছেন, তিনি বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখছেন এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ভোটের মুখে এই বিস্ফোরক উদ্ধারের ঘটনা প্রশাসন ও রাজনীতির অন্দরে বড়সড় প্রভাব ফেলতে পারে আশা করা হচ্ছে। তদন্তের অগ্রগতি এখনই নজরে রাখছে গোটা রাজ্য।


Share