Special Intensive Rivision

রাজ্যে প্রকাশিত হতে চলেছে সাপ্লিমেন্টারি তালিকা, কোথায় কীভাবে দেখা যাবে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক

সুপ্রিম কোর্টের নির্দেশে, রাজ্যে ৭০০-র বেশি জুডিশিয়াল অফিসার ওই নামগুলি খতিয়ে দেখছেন। সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, এদিন রাত ন'টায় প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে।

রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ০৯:২৪

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। তারই মাঝে এসআইআর-এর সময় ৬০ লক্ষ ভোটারদের নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে। সোমবার বিকেল চারটে পর্যন্ত প্রায় ২৯ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে। আর সেই তালিকা প্রকাশিত হতে চলেছে। রাত ন'টায় পরে প্রকাশ হবে এই তালিকা। জেলাশাসক ও পুলিশ সুপারকে আগেই এই বিষয়ে সর্তকামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য।

সুপ্রিম কোর্টের নির্দেশে, রাজ্যে ৭০০-র বেশি জুডিশিয়াল অফিসার ওই নামগুলি খতিয়ে দেখছেন। সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, এদিন রাত ন'টায় প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে। তিনি জানান, যে ড্যাশবোর্ড তাঁদের কাছে আছে সেখানে তিনি দেখতে পাচ্ছেন এদিন বিকেল পর্যন্ত ২৯ লক্ষ নিষ্পত্তি হয়ে গিয়েছে। তবে শেষ পর্যন্ত বিচারকদের ই-সাইন হয়ে কত নাম আসবে, তা স্পষ্ট করে তিনি বলতে পারেননি। কত নাম বাদ যাবে, সে ব্যাপারে কিছু বলেননি সিইও। তবে, সূত্রের খবর, ১০ লক্ষ নাম বাদ পড়তে পারে। সোমবার রাতে শুধুমাত্র অনলাইনে দেখা যাবে তালিকা। এরপর প্রিন্ট করা হবে। মঙ্গলবার সেই প্রিন্ট করা তালিকা দেখা যাবে। মঙ্গলবার থেকে ডিও, এসডিও, ইআরও, এইআরও-দের কাছে এই তালিকার হার্ড কপি দেখতে পাওয়া যাবে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যাঁদের নাম বাদ পড়বে তাঁরা ট্রাইবুনালে আবেদন করে নাম তুলতে পারবেন। ইতিমধ্যে কলকাতা হাই কোর্ট সেই ট্রাইবুনাল গঠন করেছে। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে।


Share