Traffic Rule Violations

বেপরোয়া গতি রুখতে অ্যাকশনে পুলিশ, নদিয়াজুড়ে ট্রাফিক পুলিশের অভিযান, মাইকিং করে সতর্ক করছে প্রশাসন

ট্রাফিক পুলিশের দাবি, সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোই এই অভিযানের মূল উদ্দেশ্য।

ট্রাফিক গার্ডের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১০:২৯

নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালানো হোক অথবা হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে রাস্তায় ঘোরাঘুরি— এ বার আর কোনও ভাবেই রেহাই মিলবে না। নতুন রাজ্য সরকারের নির্দেশে দুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে ট্রাফিক পুলিশ। শুক্রবার থেকে নদিয়ার ১২ নম্বর জাতীয় সড়ক-সহ একাধিক রাজ্য সড়কে শুরু হয়েছে বিশেষ ট্রাফিক অভিযান।

শান্তিপুরের ১২ নম্বর জাতীয় সড়ক এলাকায় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। হেলমেট ছাড়া বাইক চালকদের রাস্তায় আটক করে প্রশ্ন করছে পুলিশ— কেন মাথায় হেলমেট নেই? পাশাপাশি গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রও খতিয়ে দেখা হচ্ছে। ট্রাফিক আইন ভঙ্গ করলে গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা।

তবে অভিযানের প্রথম দিনে পুলিশের মানবিক মুখও দেখা গিয়েছে। অনেক ক্ষেত্রেই প্রথমবার বাইক চালকদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও ট্রাফিক কর্তাদের স্পষ্ট বার্তা দিয়েছেন। জানিয়েছেন, ভবিষ্যতে একই ভুল ধরা পড়লে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাসে নদীয়ার ১২ নম্বর জাতীয় সড়কে একাধিক পথদুর্ঘটনা ঘটেছে। অতিরিক্ত গতি, হেলমেট ব্যবহার না করা এবং ট্রাফিক আইন অমান্য করার কারনে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। সেই পরিস্থিতি রুখতে দুর্ঘটনা কমাতে প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে। শুধু নজরদারিই নয়, গাড়ির গতি নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক যন্ত্রাংশও। ট্রাফিক পুলিশের দাবি, সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোই এই অভিযানের মূল উদ্দেশ্য।

এখন দেখার, নতুন রাজ্য সরকারের এই কড়া পদক্ষেপ এবং ট্রাফিক পুলিশের ধারাবাহিক অভিযান আগামী দিনে পথ দুর্ঘটনা কমাতে কতটা কার্যকর ভূমিকা নিতে পারে।


Share