Hospital Inspection

কল্যাণীর জেএনএম হাসপাতালে বিধায়কের আচমকা পরিদর্শন, বেহাল অবস্থা দেখে ক্ষুব্ধ বিধায়ক, রোগীদের খাবার ও পরিষেবা নিয়ে উঠল প্রশ্ন

হাসপাতালের সুপার ধ্রুবজ্যোতি সরকার জানান, তিনি নতুন দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন সমস্যা নিয়ে কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু সেই অভিযোগে কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি বলেই দাবি তাঁর।

হাসপাতাল পরিদর্শনে বিধায়ক অনুপম বিশ্বাস।
নিজস্ব সংবাদদাতা, কল্যাণী
  • শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ০৫:৪৫

রাজ্যে সরকার বদলেছে। তার সাথে পাল্লা দিয়ে কাজকর্মের ভোলও বদলেছে। বিধায়কের হঠাৎ পরিদর্শনে হাসপাতালের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠেছে। কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে বিধায়ক অনুপম বিশ্বাস আচমকা পরিদর্শন করেছিলেন। সেখানে তিনি একাধিক অব্যবস্থার অভিযোগ তুলেছেন। মঙ্গলবার দুপুরে তিনি হাসপাতালে পৌঁছোন। বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরিদর্শনের পরই হাসপাতালের নোংরা পরিবেশ, অপরিচ্ছন্ন বাথরুম এবং রোগীদের খাবারের মান নিয়ে বিধায়ক তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

বিধায়কের অভিযোগ, হাসপাতালের বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা ছড়িয়ে রয়েছে। হাসপাতাল চত্বরে কুকুর ও বিড়ালকে অবাধে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। পাশাপাশি রোগীদের দেওয়া খাবারের মান নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তাঁর দাবি, রোগীদের দেওয়া দুধ ও ডাল অত্যন্ত পাতলা। তা খাবারের উপযুক্ত নয়।

হাসপাতালের বাথরুমের অবস্থাও অত্যন্ত খারাপ বলে তিনি জানান। তিনি বলেন,“বাথরুমের যা অবস্থা, সাধারণ মানুষ সেখানে ঢুকতেই ভয় পাচ্ছেন।”

বিধায়কের হাসপাতাল পরিদর্শনের খবর পেয়েই তড়িঘড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয় বলেও অভিযোগ ওঠে। এই প্রসঙ্গে কটাক্ষ করে অনুপম বিশ্বাস বলেন,“আমি আসছি শুনে যেটুকু পরিষ্কার করেছে, তারপরও যা নোংরা দেখলাম তাতে আমি হতবাক। পুরো বিষয়টি উপরমহলে জানাবো। এরপর যা ব্যবস্থা নেওয়ার হবে, সেটাই গ্রহণ করা হবে।”

অন্যদিকে হাসপাতালের সুপার ধ্রুবজ্যোতি সরকার জানান, তিনি নতুন দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন সমস্যা নিয়ে কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু সেই অভিযোগে কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি বলেই দাবি তাঁর। খাবারের মান নিয়ে তিনি বলেন, “বিষয়টি আমার নজরে এসেছিল। আমি ছবি তুলে উপরমহলে পাঠিয়েছিলাম। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।”

তিনি আরও জানান, হাসপাতাল পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের উন্নত পরিষেবা দেওয়ার পক্ষেই তিনি রয়েছেন। দ্রুত সমস্যার সমাধান হোক, সেটাই তিনি চান ।


Share