Arms Seized

চাকদহে অবৈধ আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ব্যক্তি, উদ্ধার দেশি বন্দুক ও কার্তুজ

পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুরের হরিপুকুর এলাকায় গুলি চালানোর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে ধরা হয়। ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।

দেশি আগ্নেয়াস্ত্র এবং দু’রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, চাকদহ
  • শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১০:৩৪

বেশ কিছুদিন ধরে এলাকায় এক ব্যক্তি ঘোরাফেরা করছিল। আগ্নেয়াস্ত্র নিয়ে স্থানীয় বাসিন্দাদের ভয় দেখাচ্ছিল। সেই অভিযোগে চাকদহ থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করল। ধৃতের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং দু’রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। বুধবার তাঁকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুকান্ত রায় (৪৬)। তাঁর বাড়ি নদিয়ার চাকদহ থানার বিষ্ণুপুর এলাকার হরিপুকুর বিলপাড়া এলাকায়। সূত্রের খবর, তিনি দীর্ঘদিন উত্তরপ্রদেশে একটি মিষ্টির দোকান চালাতেন। ভোটের আগে তিনি নিজের এলাকায় ফিরে আসেন।

অভিযোগ, গত কয়েকদিন ধরে সুকান্ত এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিলেন। স্থানীয় মানুষদের ভয় দেখানোর ঘটনাও সামনে আসে। মঙ্গলবার রাতে চাকদহ থানায় এই বিষয়ে খবর পৌঁছোয়। অভিযোগ করা হয়, বিষ্ণুপুরের হরিপুকুর সংলগ্ন একটি নির্জন এলাকায় তিনি দুই রাউন্ড গুলি চালিয়েছেন।

এর পরেই অভিযুক্তের খোঁজে চাকদহ থানার পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে বিষ্ণুপুরের হরিপুকুর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই সুকান্ত রায়কে গ্রেফতার করা হয়। তল্লাশিতে তাঁর কাছ থেকে একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এল। কী উদ্দেশ্যে তিনি এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিলেন। এর পিছনে অন্য কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদনও আদালতে জানানো হয়েছে।


Share