Malda Medical College

হাসপাতালের খাটে দাপাদাপি, রোগীকে কামড় দিচ্ছে ইঁদুর, ‘আবর্জনার পীঠস্থান’ বলে মালদহ মেডিকেলকে চিহ্নিত করলেন বিজেপি নেত্রী

শ্রীরূপা আরও জানান, “সরকার বদল হয়েছে। কিন্তু সরকারি আধিকারিকদের পরিবর্তন ঘটেনি। তাই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।” এই হাসপাতালের হাল ফেরাতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিষয়টি তুলে ধরবেন বলেও জানান।

বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২২ আগস্ট ২০২৬ ০৩:২৫

সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজগুলির বেহাল অবস্থার চিত্র নতুন কিছু নয়। সরকার যায় আসে। প্রতিশ্রুতি দেওয়া হয়। বরাদ্দ হয় টাকাও। এ বার হাসপাতালে ইঁদুরের দাপট নিয়ে সরব হলেন বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী। শনিবার সকালে মালদহ মেডিকেল কলেজে আসেন তিনি। ‘আবর্জনার পীঠস্থান’ বলে চিহ্নিত করেন তিনি।

ইঁদুরের যন্ত্রনায় জর্জরিত মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। অভিযোগ, খাটের মধ্যে দাপাদাপি করছে ইঁদুর। শুধু তাই নয়, অসুস্থ রোগীদের কামড়েও দিচ্ছে। সেই কারণে ইঁদুর ধরতে বেডের পাশে রাখা হয়েছে কল। ঝাঁ চকচকে অত্যাধুনিক মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এমন দৃশ্য হাসপাতালের ব্যবস্থা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী।

ইংরেজবাজার বিধানসভার বিজেপির প্রাক্তণ বিধায়ক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীরূপা মিত্র চৌধুরীর অভিযোগ, ইঁদুর ধরার যন্ত্র আছে মানে মালদহ মেডিকেল হাসপাতালে ইঁদুর রয়েছে। হাসপাতালে ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে। তিনি বলেন, “কি নেই এই হাসপাতালে। সব আছে। একে বারে নোংরা, জঞ্জাল এবং আবর্জনার পীঠস্থান হল এই মালদহ মেডিকেল কলেজ ট্রমা কেয়ারে।”

শ্রীরূপা আরও জানান, “সরকার বদল হয়েছে। কিন্তু সরকারি আধিকারিকদের পরিবর্তন ঘটেনি। তাই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।” এই হাসপাতালের হাল ফেরাতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিষয়টি তুলে ধরবেন বলেও জানান। 

মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর  ইঁদুরের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর বক্তব্য, অসুস্থ রোগীদের যাতে কোন ক্ষতি না হয় তাই  ইঁদুর ধরার যন্ত্র রাখা হয়েছে। পেস্ট কন্ট্রোল ব‍্যবহার করেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এ ছাড়াও, ওয়ার্ডের ভিতরে জল জমে রয়েছে। এই বিষয়ে হাসপাতাল সুপার বলেন, সাফাই কর্মীদের বর্তমানে বেতনের সমস‍্যা দেখা দিয়েছে। তা নিয়ে কথা চলছে। দ্রুত সেই সমস্যার সমাধান হয়ে যাবে।


Share