Political Chaos

ভোটের দিন ঘোষণা হয়নি, মালদহে তুঙ্গে রাজনৈতিক লড়াই, রতুয়ায় মুখোমুখি মৌসম ও সমর

বর্তমান তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় সরাসরি নির্বাচনী চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মৌসমের উদ্দেশে। কটাক্ষ করে তিনি জানান, মৌসম তাঁর ভাগ্নীর মতো। প্রয়োজন হলে নির্বাচনী প্রচারের জন্য পাঁচটি গাড়িও দিয়ে দেবেন।

নিজস্ব সংবাদদাতা, রতুয়া
  • শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৭

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজনৈতিক উত্তাপে সরগরম হয়ে উঠেছে মালদহ জেলা। জেলার হাইভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রতুয়া বিধানসভা কেন্দ্র। কংগ্রেস সূত্রে খবর, সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া মৌসম বেনজির নুর এই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন।

এই সম্ভাবনাকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ। বর্তমান তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় সরাসরি নির্বাচনী চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মৌসমের উদ্দেশে। কটাক্ষ করে তিনি জানান, মৌসম তাঁর ভাগ্নীর মতো। প্রয়োজন হলে নির্বাচনী প্রচারের জন্য পাঁচটি গাড়িও দিয়ে দেবেন।

এর পাল্টা জবাব দিতে দেরি করেননি কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নুর। তিনি বলেন, “আগে উনি তৃণমূলের টিকিট নিশ্চিত করুন। তারপর এ সব নিয়ে কথা হবে। আমার নিজের গাড়ি আছে। তাই গাড়ির প্রয়োজন নেই। আর রতুয়ায় আমার অনেক মামা রয়েছে, সমরবাবুকে দরকার নেই।”

এই প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি জানান, যারা দলবদল করে তৃণমূলের সমালোচনা করছেন, তাঁদের শুধু রতুয়ায় নয়, সর্বত্র রাজনৈতিক ভাবে মোকাবিলা করা হবে।

অন্যদিকে, দক্ষিণ মালদহের বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় অভিযোগ, বিজেপিকে আটকাতেই কংগ্রেস, তৃণমূল এবং সিপিএম একজোট হওয়ার চেষ্টা করছে। তাঁর দাবি, রতুয়া কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতি তারই প্রতিফলন। তবে মানুষের সমর্থনে ২০২৬ সালে বিজেপিই ক্ষমতায় আসবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।


Share