Extortion

মালদহে তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, থানায় অভিযোগ দায়ের চালকদের

অটোচালকের দাবি, তাঁদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে তোলা নেওয়া হয়। এই টাকা দিতে অস্বীকার করায় ৪৫ জন অটোচালকের কাছ থেকে ২০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে বলেও অভিযোগ।

ইংরেজবাজারের বিজেপি বিধায়ক তথা রাজ্যের মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৬ ১২:৪২

মালদহের ইংরেজবাজারে তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। রথবাড়ি-কোতোয়ালি রুটের একাংশ অটোচালকের দাবি, তাঁদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে তোলা নেওয়া হয়। এই টাকা দিতে অস্বীকার করায় ৪৫ জন অটোচালকের কাছ থেকে ২০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে বলেও অভিযোগ।

এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ অটোচালকদের একাংশ ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এইভাবে জোর করে টাকা আদায় করা হচ্ছে। প্রতিবাদ করতেই জরিমানার মুখে পড়তে হয়েছে।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট অটো ইউনিয়ন। ইউনিয়নের সম্পাদক বলেন, "কয়েকজন চালক শুরু থেকেই ইউনিয়নের বিরোধিতা করে আসছেন। সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতেই ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।"

ঘটনা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। ইংরেজবাজারের বিজেপি বিধায়ক তথা রাজ্যের মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি বলেন, "কোনও ধরনের তোলাবাজি বরদাস্ত করা হবে না। কেউ তোলাবাজি করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং প্রয়োজনে গ্রেফতার করবে।" জেলা বিজেপি নেতৃত্বও এই ঘটনায় সরব হয়েছে।

অন্য দিকে, আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি শুভদীপ সান্যাল বলেন, "যদি সত্যিই কারও কাছ থেকে জোর করে টাকা তোলা হয়ে থাকে, তা সম্পূর্ণ অন্যায়। বিষয়টি খতিয়ে দেখা উচিত।" অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।


Share