Malda Medical College

তিন সপ্তাহে মালদহ মেডিকেলে ৬০ নবজাতকের মৃত্যু, একই দিনে ১০! বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমে অভিযান, রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের

মালদহ মেডিকেল কলেজের কাছে এই মৃত্যুর ঘটনা নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমেও প্রশাসনের তরফে অভিযান চালানো হচ্ছে।

মালদহ মেডিকেল কলেজ।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২৬ আগস্ট ২০২৬ ০৭:১৫

মালদহে শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। অগস্ট মাসে এখনও পর্যন্ত মালদহ মেডিকেল কলেজে ৬০টি নবজাতকের মৃত্যু হয়েছে। এর মধ্যে একই দিনে ১০টি শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরেই জেলার বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমে স্বাস্থ্য আধিকারিকেরা অভিযান শুরু করেছেন। মালদহ মেডিকেল কলেজের কাছে এই মৃত্যুর ঘটনা নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমেও প্রশাসনের তরফে অভিযান চালানো হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অগস্ট মাসের একটি দিনেই মালদহ মেডিকেল কলেজে ১০টি নবজাতকের মৃত্যু হয়। তৃতীয় সপ্তাহ পর্যন্ত মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০-এ। মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, মৃত ১০ শিশুর মধ্যে আট জনের জন্ম হয়েছিল জেলার অন্য হাসপাতাল বা নার্সিংহোমে। আশঙ্কাজনক অবস্থায় তাদের মালদহ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছিল। ওই দিনই মেডিকেল কলেজে জন্ম নেওয়া আরও দু’টি শিশুর মৃত্যু হয়।

ইতিমধ্যেই শিশুমৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্য ভবনের তরফে মালদহ মেডিকেল কলেজের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃত শিশুদের মধ্যে কারও শ্বাসকষ্ট, কারও জন্ডিস, আবার কারও হৃদ্‌যন্ত্রের সমস্যা ছিল। তবে একই দিনে ১০টি এবং তিন সপ্তাহে মোট ৬০টি শিশুর মৃত্যুর নেপথ্যে প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে। মালদহ মেডিকেল কলেজের সুপার প্রসেনজিৎ বর জানান, একই দিনে মৃত ১০টি শিশুর মধ্যে মাত্র দু’জনের জন্ম হয়েছিল মালদহ মেডিকেল কলেজে। বাকি আট জনকে আশঙ্কাজনক অবস্থায় জেলার বিভিন্ন জায়গা থেকে মালদহ মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল। তিনি জানান, এ নিয়ে স্বাস্থ্য ভবন থেকে রিপোর্ট তলব করা হয়েছে। তাঁর প্রাথমিক রিপোর্ট পাঠিয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্টও দ্রুত পাঠাবে।

রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, মালদহে অগস্টে মৃত ৬০টি শিশুর মধ্যে ৪৪টির অন্য হাসপাতাল বা নার্সিংহোমে জন্ম হয়েছিল। পরে বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাদের মালদহ মেডিকেল কলেজে রেফার করা হয়। বাকি ১৬টি শিশুর জন্ম মালদহ মেডিকেল কলেজেই হয়েছিল এবং প্রসবের পর তাদের মৃত্যু হয়।

স্বাস্থ্য আধিকারিকেরা একসঙ্গে এত শিশুর মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে প্রসবের পর শিশুমৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে জেলার ১৬টি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে অভিযান চালানো হয়েছে। পাশাপাশি মালদহ মেডিকেল কলেজের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে মালদহ মেডিকেল কলেজ, জেলা স্বাস্থ্য দফতর, জেলা প্রশাসন এবং পুলিশের সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার জেলাশাসকের দফতরে এ বিষয়ে বৈঠক হওয়ার কথা। স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের দাবি, একটি জেলায় অল্প সময়ের মধ্যে এত শিশুর মৃত্যু রাজ্যের সামগ্রিক শিশুমৃত্যুর পরিসংখ্যানেও প্রভাব ফেলেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বুধবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, ‘‘মালদহে শিশুমৃত্যুর হার বেড়েছে। আমরা রিপোর্ট চেয়েছি। কেন ঘটল, কী কারণে ঘটল, এ নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।’’


Share