Accident

লোকভবনের সামনে দুর্ঘটনা, সরকারি বাসের নিচে পড়ে গুরুতর জখম পুরসভার কর্মী

তবে জখম পুরসভার কর্মীর পরিচয় জানা যায়নি। তাঁর বয়স ৪০-৪৫ বছর হবে। মোটরবাইক চালানোর সময় তাঁর মাথায় হেলমেট ছিল।

লোকভবনের সামনে দুর্ঘটনা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ০১:১৩

বাসকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা। লোকভবনের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। সরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম কলকাতা পুরসভার এক কর্মী। তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের অ‍্যাম্বুলেন্সে করে জখম ব‍্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, হাওড়া থেকে রওনা দিয়ে ২৬এ নম্বরের সরকারি বাস কামালগাজি যাচ্ছিল। লোকভবন থেকে বাঁ দিকে কেসি দাস মোড়ের দিকে যাওয়ার সময় এই বিপত্তি ঘটে। সেই সময় পেছন থেকে একটি মোটরবাইক বাসটিকে ওভারটেক করার চেষ্টা করে। ওই রাস্তা থেকে সোজা রেড রোডের দিকে বেরোনোর চেষ্টা করে। সেই সময় বাসের চাকার তলায় চলে যায় মোটরবাইক চালক। দুমড়ে-মুছড়ে গিয়েছে মোটরবাইক। হেয়ার স্ট্রিট থানায় খবর দেওয়া হয়েছে। তাঁরা মোটরবাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছেন।

তবে জখম পুরসভার কর্মীর পরিচয় জানা যায়নি। তাঁর বয়স ৪০-৪৫ বছর হবে। মোটরবাইক চালানোর সময় তাঁর মাথায় হেলমেট ছিল। প্রত‍্যক্ষদর্শীরা জানাচ্ছে, তাঁর ডান দিকের পায়ে গুরুতর আঘাত রয়েছে। রক্তাক্ত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে। ডাকা হয় পুলিশের অ‍্যাম্বুলেন্স। তাতে করেই ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।


Share