Railway Update

উৎসবের মরসুমে রাতেও বাড়তি ট্রেন, শিয়ালদহ–বজবজ শাখায় চালু বিশেষ পরিষেবা

আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলক ভাবে ট্রেন দু’টি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ ডিভিশনের এই উদ্যোগে রাতের দিকে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ০৬:৩১

উৎসবের মরসুমে রাতের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদহ–বজবজ শাখায় এক জোড়া বিশেষ ইএমইউ ট্রেন চালু করছে রেল। সোমবার, ১২ অক্টোবর থেকে শুরু হবে এই পরিষেবা। আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলক ভাবে ট্রেন দু’টি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ ডিভিশনের এই উদ্যোগে রাতের দিকে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

রেলের সূচি অনুযায়ী, বিশেষ ট্রেনটি শিয়ালদহ থেকে রাত ১০টা ৫৫ মিনিটে ছাড়বে। রাত ১১টা ৩ মিনিটে বালিগঞ্জে পৌঁছে এক মিনিটের বিরতির পর ১১টা ৪ মিনিটে ফের যাত্রা শুরু করবে। নিউ আলিপুরে পৌঁছোবে রাত ১১টা ১৪ মিনিটে এবং মাঝেরহাটে ১১টা ১৭ মিনিটে। রাত ১১টা ৪৩ মিনিটে ট্রেনটি পৌঁছোবে কোমাগাতা মারু বজবজ স্টেশনে।

ফেরার ট্রেনটি কোমাগাতা মারু বজবজ থেকে রাত ১১টা ৫৪ মিনিটে ছাড়বে। রাত ১২টা ১৫ মিনিটে মাঝেরহাট এবং ১২টা ১৯ মিনিটে নিউ আলিপুরে পৌঁছোবে ট্রেনটি। সবশেষে রাত ১২টা ৪৮ মিনিটে শিয়ালদহে পৌঁছোবে বিশেষ ট্রেন। ফলে মধ্যরাতের পরেও বজবজ থেকে শিয়ালদহ ফেরার জন্য রেল পরিষেবা পাবেন যাত্রীরা।

রেল সূত্রে খবর, বিশেষ ইএমইউ ট্রেন দু’টি পথে সমস্ত স্টেশনে থামবে। ফলে শিয়ালদহ ও বজবজের পাশাপাশি মাঝের স্টেশনগুলির যাত্রীরাও এই পরিষেবার সুবিধা নিতে পারবেন। উৎসবের মরসুমে বাড়তি যাত্রীর চাপ সামলানোর পাশাপাশি রাতের রেল যোগাযোগ আরও সহজ করতেই এই পদক্ষেপ।

যাত্রীদের ট্রেনের সময়সূচি সম্পর্কে আগাম খোঁজ নিয়ে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে রেল। বিশেষ করে রাতের ট্রেন ধরতে বা গন্তব্যে পৌঁছোতে যাতে শেষ মুহূর্তে সমস্যায় পড়তে না হয়, সে জন্য সময়সূচি দেখে নেওয়ার কথা বলা হয়েছে।


Share