Eastern Railway

আগামী ২০ অগস্ট থেকেই রুট সম্প্রসারণ, শিয়ালদহ-বারাসত এসি লোকাল এ বার ছুটবে বনগাঁ পর্যন্ত, ঘোষণা পূর্ব রেলের

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ট্রেনটি আর বারাসতে যাত্রা শেষ না করে সোজা বনগাঁ পর্যন্ত যাবে। সেখান থেকেই ট্রেনটি ফের শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিয়ালদহ
  • শেষ আপডেট: ১৬ আগস্ট ২০২৬ ০২:০০

শিয়ালদহ শাখা থেকে বারাসত পর্যন্ত চলাচলকারী এসি লোকালের যাত্রীদের জন্য সুখবর। এ বার ট্রেনটির রুট সম্প্রসারণ করে বনগাঁ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রেল সূত্রে খবর, আগামী ২০ অগস্ট থেকেই নতুন রুট কার্যকর হবে। এতদিন ৩৩৪৪৯ শিয়ালদহ-বারাসত এসি লোকালটি প্রতিদিন সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ১১টা ১৮ মিনিটে বারাসত পৌঁছোত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ট্রেনটি আর বারাসতে যাত্রা শেষ না করে সোজা বনগাঁ পর্যন্ত যাবে। সেখান থেকেই ট্রেনটি ফের শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেবে। অন্য দিকে, এতদিন ৩৩৪৪২ নম্বর এসি লোকালটি বারাসত থেকে সকাল ১১টা ২৯ মিনিটে ছেড়ে দুপুর ১২টা ১৩ মিনিটে শিয়ালদহ পৌঁছোত। তবে ট্রেনটির রুট বনগাঁ পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় পুরনো সময়সূচিতে পরিবর্তন আসতে চলেছে। নতুন সময়সূচি অনুযায়ী ট্রেনটির পরিষেবা পরিচালিত হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

মূলত উপযুক্ত সময়ে ট্রেনটি চলাচল না করায় শিয়ালদহ থেকে যাত্রীসংখ্যা তুলনামূলক ভাবে কম ছিল। ফলে দীর্ঘদিন ধরেই যাত্রীরক এই এসি লোকালের রুট সম্প্রসারণের দাবি জানিয়ে আসছিলেন। অন্য দিকে, প্রত্যাশা অনুযায়ী যাত্রী না মেলায় ট্রেনটি চালিয়ে পূর্ব রেলের আশানুরূপ আয়ও হচ্ছিল না। এর আগে এক সাংবাদিক বৈঠকে এ বিষয়ে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, বারাসত-বনগাঁ শাখায় অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা না থাকাই রুট সম্প্রসারণের ক্ষেত্রে অন্যতম প্রধান বাধা। তবে পরিকাঠামোগত সমস্ত দিক খতিয়ে দেখার পর শেষ পর্যন্ত পূর্ব রেল এসি লোকালটির রুট বনগাঁ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

যদিও পূর্ব রেলের তরফে বনগাঁ পর্যন্ত সম্প্রসারিত এই এসি লোকালের চূড়ান্ত সময়সূচি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে রেল সূত্রে সম্ভাব্য সময়সূচি সম্পর্কে একটি ধারণা মিলেছে। সেই সূচি অনুযায়ী, ট্রেনটি সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে সকাল ১১টা ১৪ মিনিটে বারাসত পৌঁছোবে এবং দুপুর ১২টা ৩৩ মিনিটে বনগাঁয় গিয়ে পৌঁছোবে। এরপর বনগাঁ থেকে ফিরতি এসি লোকালটি দুপুর ১২টা ৩৫ মিনিটে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হবে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ট্রেনটি দুপুর দু'টো ২৫ মিনিটে শিয়ালদহে পৌঁছোবে।


Share