Railway Development

নতুন সরকার, নতুন গতি! উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, রাজ্যজুড়ে একের পর এক মেগা রেল প্রকল্পে কেন্দ্রের সবুজ সংকেত

রেলমন্ত্রকের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে পূর্ববর্তী বৈঠক ও আলোচনার ভিত্তিতেই প্রকল্পগুলির অনুমোদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়েছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ০৪:১৯

রাজ্যে নতুন সরকার গঠনের পরপরই কেন্দ্রের তরফে রেল পরিকাঠামো উন্নয়নে একাধিক বড় প্রকল্পে মিলল অনুমোদন। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল এবং পশ্চিমাঞ্চল রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রেল যোগাযোগ আরও শক্তিশালী করতে একগুচ্ছ পরিকল্পনায় সিলমোহর দিল রেলমন্ত্রক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাঠানো তিনটি পৃথক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

রেলমন্ত্রকের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে পূর্ববর্তী বৈঠক ও আলোচনার ভিত্তিতেই প্রকল্পগুলির অনুমোদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়েছে।

উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রেল করিডর নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রায় ৭.১৫ কিলোমিটার নতুন ডবল রেললাইন নির্মাণের অনুমোদন মিলেছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে ট্রেন চলাচল আরও দ্রুত ও স্বচ্ছন্দ হবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া জঙ্গলমহলের যাত্রীদের জন্যও বড় ঘোষণা করেছে রেলমন্ত্রক। বর্তমানে চলা ১৮০৬১/১৮০৬২ সাঁতরাগাছি-খড়্গপুর এক্সপ্রেসকে এবার ঝাড়গ্রামের জয়পুর পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার যাত্রীদের কলকাতার সঙ্গে সরাসরি যোগাযোগ আরও সহজ হবে।

অন্যদিকে পশ্চিমাঞ্চলের বহু প্রতীক্ষিত শালবনি-আঁড়া নতুন রেললাইন প্রকল্পেও অগ্রগতি শুরু হয়েছে। প্রায় ১০৭ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের জন্য ‘ফাইনাল লোকেশন সার্ভে’ বা চূড়ান্ত সমীক্ষার অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক। সংশ্লিষ্ট মহলের মতে, এই রেললাইন চালু হলে শিল্প, পণ্য পরিবহণ ও আঞ্চলিক বাণিজ্যে বড়সড় পরিবর্তন আসতে পারে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যে নতুন সরকারের পর কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের ফলে দীর্ঘদিন আটকে থাকা বিভিন্ন অবকাঠামো প্রকল্প দ্রুত অনুমোদনের পথে এগোচ্ছে।


Share