Police Injured

ভাঙড়ে বালির গাড়ি খালি করা নিয়ে বচসা, মাথা ফাটল কনস্টেবলে, আবারও আক্রান্ত কলকাতা পুলিশ

সোমবারের ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োর সত্যতা এখন কলকাতা যাচাই করেনি। ওই ভিডিয়োতে পুলিশ কনস্টেবলকে মারধর করতে দেখা যাচ্ছে। গায়ে থাকা পোশাক ছিঁড়ে গিয়েছে। অনন্তের মুখের একটি অংশ ফুলে গেছে।

জখম পুলিশকর্মীর নাম অনন্তকুমার রায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ জুলাই ২০২৬ ১০:২০

আবার আক্রান্ত পুলিশ। এ বার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। সূত্রের খবর, একটি বালির গাড়ি খলি করা নিয়ে বচসা বাধে। তা থেকে হাতাহাতি শুরু হয়। ঘটনায় কলকাতা পুলিশের এক কনস্টেবল জখম হয়েছেন। এখনও কোনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। এই ঘটনায় লালবাজারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

সোমবার বিকেলে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকায় পদ্মপুকুরে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, সেখানে রাস্তার ওপরেই গাড়ি দাঁড় করিয়ে বেআইনি ভাবে বালির গাড়ি খালি করা হচ্ছিল। গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে ধারে নেওয়ার কথা বলেন কনস্টেবল অনন্তকুমার রায়। তা নিয়ে প্রথমে দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, তারপরই আচমকা মারধর শুরু করে। কনস্টেবল অনন্তের সঙ্গে থাকা বেশ কয়েক জন পুলিশকর্মী তাঁকে কোনও রকমে উদ্ধার করে পোলেরহাট থানায় নিয়ে আসে। 

সোমবারের ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োর সত্যতা এখন কলকাতা যাচাই করেনি। ওই ভিডিয়োতে পুলিশ কনস্টেবলকে মারধর করতে দেখা যাচ্ছে। গায়ে থাকা পোশাক ছিঁড়ে গিয়েছে। অনন্তের মুখের একটি অংশ ফুলে গেছে। কেন বারবার আক্রান্ত হতে হচ্ছে পোলেরহাট থানার পুলিশের কর্মীরাই তা নিয়ে প্রশ্ন তুলছেন। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি বলেই জানা গিয়েছে। এই বিষয়ে লালবাজারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

গত মাসে পূর্ব কলকাতার জলাভূমিতে অবৈধ নির্মাণ রুখতে গিয়ে পুলিশকর্মী থেকে অফিসারেরা আক্রান্ত হয়েছিলেন। বারুইপুরের নাবালিকার দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সূর্যপুর এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। তাতে তিন পুলিশকর্মী জখম হয়েছিলেন। তারও আগে পার্কসার্কাসে আন্দোলনের নামে বেশ কয়েক জন পুলিশকর্মী জখম হন। তাঁদের সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ‍্যে পালাবদলের পর পুলিশের ওপরে আক্রমণ ক‍রা নিয়ে কড়া হুশিয়ারি দিয়েছিলেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু কে শোনে কার কথা। এর মধ্যেই ভাঙড়ে আবারও আক্রান্ত হল পুলিশ।


Share