Railway Update

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে ‘মেগা’ প্রস্তুতি, ছ’দিনে ৫১ বিশেষ লোকাল! রাতে চলবে ৩৮টি

১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোট ৫১টি বিশেষ লোকাল চলবে। তার মধ্যে ৩৮টি ট্রেন চলবে রাতে। পাশাপাশি সন্ধ্যার ব্যস্ত সময়ে উত্তর, মেন ও দক্ষিণ শাখায় চালানো হবে আরও ১৩টি বিশেষ লোকাল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিয়ালদহ
  • শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ০৫:২৫

পুজোর ভিড় সামলাতে বড়সড় প্রস্তুতি শিয়ালদহ ডিভিশনের। উৎসবের দিনগুলিতে যাত্রী চাপের কথা মাথায় রেখে এ বার আরও বেশি সংখ্যক বিশেষ লোকাল ও দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোট ৫১টি বিশেষ লোকাল চলবে। তার মধ্যে ৩৮টি ট্রেন চলবে রাতে। পাশাপাশি সন্ধ্যার ব্যস্ত সময়ে উত্তর, মেন ও দক্ষিণ শাখায় চালানো হবে আরও ১৩টি বিশেষ লোকাল। গত বছর এই সময়ে ৩১টি বিশেষ লোকাল চালানো হয়েছিল।

পুজোর আগেও বাড়তি ট্রেনের ব্যবস্থা থাকছে। ১০ থেকে ১৫ অক্টোবর শিয়ালদহ-রানাঘাট-লালগোলা শাখায় চারটি বিশেষ লোকাল চালানো হবে। অন্য দিকে, পুজোর দিনগুলিতে দুপুর ২টোর পর ছাড়া গ্যালপিং লোকালগুলিকে সব পতাকা ও হল্ট স্টেশনে দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যে স্টেশনগুলিতে সাধারণত গ্যালপিং ট্রেন দাঁড়ায় না, সেখানকার যাত্রীরাও ওই সময়ে ট্রেনে ওঠানামার সুযোগ পাবেন।

শুধু লোকাল নয়, দূরপাল্লার যাত্রীদের জন্যও বাড়তি পরিষেবা থাকছে। ১০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে ৮০টি বিশেষ দূরপাল্লার ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৫০। অর্থাৎ এ বার দূরপাল্লার ক্ষেত্রে বিশেষ ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বাড়ানো হচ্ছে।

ভিড় নিয়ন্ত্রণে শিয়ালদহ স্টেশনেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবেশ ও বেরোনোর পথ আলাদা করে প্রফুল্ল দ্বার, উত্তর, মেন, সেন্ট্রাল ও দক্ষিণ গেট দিয়ে যাত্রী চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ২৪ ঘণ্টা চালু থাকবে বিশেষ নিয়ন্ত্রণকক্ষ এবং সিসিটিভির মাধ্যমে নজরদারি চলবে। শিয়ালদহ, বালিগঞ্জ ও দমদমে অতিরিক্ত রেক, চালক ও কর্মী, চিকিৎসা ও সাহায্যকেন্দ্র এবং দ্রুত মেরামতির দল রাখা হবে। রানাঘাটে অস্থায়ী টিকিট ও এক্সিট কাউন্টার এবং ব্যারাকপুরে নতুন টিকিট কাউন্টারও চালু করা হয়েছে। রেলের দাবি, পুজোর ভিড় সামলাতে প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকবে আধিকারিক ও কর্মীদের বিশেষ দল।


Share