TMC Leader Arrested

তোলাবাজির অভিযোগে দুর্গাপুরে তৃণমূল ব্লক সভাপতি গ্রেফতার, ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে

পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দাবি করেন, ২০২১ সালের একটি মামলার ভিত্তিতেই শতদীপকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতের নাম শতদীপ ঘটক।
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ০৪:৪৫

দুর্গাপুরে তোলাবাজি ও ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হল। ধৃতের নাম শতদীপ ঘটক। তিনি দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূলের সভাপতি পদে রয়েছেন। রবিবার গভীর রাতে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকেই তাঁকে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ গ্রেফতার করে। সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

শতদীপ ঘটকের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর সঙ্গে দেখা করতে থানায় পৌঁছোন। তিনি দাবি করেন, ২০২১ সালের একটি মামলার ভিত্তিতেই শতদীপকে গ্রেফতার করা হয়েছে। তাঁর দাবি, সেই সময় শতদীপ সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

নরেন্দ্রনাথ চক্রবর্তীর বক্তব্য, “যে মামলায় ওকে গ্রেফতার করা হয়েছে, সেটা ২০২১ সালের ঘটনা। তখন ও রাজনীতিই করত না, পড়াশোনা করত। ২০২৩ সাল থেকে রাজনীতিতে সক্রিয় হয়েছে।”

উল্লেখ্য, গত কয়েক দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের ঘটনা সামনে এসেছে। তোলাবাজি, দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করেই এই গ্রেফতারি অভিযান চলছে বলে সূত্রের খবর।

রবিবার কোচবিহারের দিনহাটা এলাকায় প্রাক্তন পুরপ্রধান গৌরীশঙ্কর মাহেশ্বরীকেও পুলিশ গ্রেফতার করে। এছাড়াও, দিনহাটা পুরসভায় ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশ করানোর অভিযোগে শনিবার পুরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়। এই ঘটনাগুলিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে।


Share