Arrest

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত জনের মৃত্যু, গ্রেফতার হোটেল মালিক, হাজির করানো হবে আদালতে

হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক ছিল কি না তা পুলিশ খতিয়ে দেখছে। ধৃতকে আপাতত তারাপীঠ থানায় নিয়ে যাওয়া হয়েছে। সোমবার তাঁকে আদালতে হাজির করানো হবে।

তারাপীঠের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিক।
নিজস্ব সংবাদদাতা, তারাপীঠ
  • শেষ আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ১০:৫২

তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিককে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর মিলেছে। হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক ছিল কি না তা পুলিশ খতিয়ে দেখছে। ধৃতকে আপাতত তারাপীঠ থানায় নিয়ে যাওয়া হয়েছে। সোমবার তাঁকে আদালতে হাজির করানো হবে।

তারাপীঠ মন্দির সংলগ্ন ‘বিদেশিনী’ নামক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোট ৪টে নাগাদ ওই হোটেলে আগুন লাগে। দমকলের অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। আগুন লাগার পরে পাঁচতলা পর্যন্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। হোটেলের একতলা এবং দোতলায় আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা প্রত্যেকেই পুণ‍্যর্থী ছিলেন। শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজো দিতে এসেছিলেন।

পুলিশ সূত্রের খবর, হোটেলের আবাসিকদের সেখান থেকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। মোট ২২ জন পুণ‍্যার্থীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ন’জনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। বেশিরভাগ পুণ‍্যার্থীকে প্রাথমিক চিকিৎসা পরে ছেড়ে দেওয়া হয়েছে। দু’জনের চিকিৎসা চলছে।

ঘটনায় গ্রেফতার করা হয়েছে হোটেলের মালিক কল‍্যাণ পালকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন‍্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আপাতত তাঁকে তারাপীঠ থানায় নিয়ে যাওয়া হয়েছে। মেডিকেল পরীক্ষা করানোর পরে সোমবারই ধৃতকে আদালতে হাজির করানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

হোটেল মালিক কল‍্যাণের বক্তব্য, তাঁর হোটেলে অগ্নিনির্বাপণ যন্ত্র ছিল। যাবতীয় ব্যবস্থা ছিল। হোটেলের পিছনের দিকের দরজাও ছিল। কিন্তু আগুন লাগার ফলে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তাই আবাসিকেরা দরজা খুঁজে পাননি। তার ফলে রিসেপশনের সামনে দিয়ে আসার চেষ্টা করেছিল। তাই আগুনের মুখে পড়তে হয়েছিল। তবে দরজাটি খোলা ছিল না বন্ধ ছিল তা নিয়ে কল‍্যাণ কিছু বলেননি।

এক দমকল আধিকারিকের কথায়, হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল। নিয়ম মেনে হোটেলে দু’টি সিঁড়িও ছিল। কিন্তু সিঁড়িতে থাকা জানালাগুলি বন্ধ থাকায় ধোঁয়া বের হতে পারেনি। তাই অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়েছেন।


Share