Road Accident

লরি ও টোটোর মুখোমুখি সংঘর্ষ, নিহত এক, গুরুতর জখম চারজন

এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তায় প্রায়ই বেপরোয়া গতিতে পণ্যবাহী গাড়ি ও মিনি লরি। যাতায়াত করে। বারবার অভিযোগ জানিয়েও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বোলপুর
  • শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০৩:২০

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক টোটো চালকের। বৃহস্পতিবার ভোরে বীরভূমের বোলপুরে ঘটনাটি ঘটেছে। লরি ও টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় মৃত্যু হয় একজন টোটো চালকের। আরও চার জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোলপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মকরমপুর চার্চের সামনে এ দিন ভোর প্রায় পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বোলপুর স্টেশন থেকে যাত্রী নিয়ে একটি টোটো মকরমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় কঙ্কালীতলার দিক থেকে একটি ৪০৭ মিনি লরি আসছিল। লরিটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। টোটোটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত প্রচণ্ড বেশি ছিল। ফলে ঘটনাস্থলেই টোটো চালকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে চলে আসে। আহতদের উদ্ধার করা হয়। পরে তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে আহত চার যাত্রীর চিকিৎসা চলছে।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তায় প্রায়ই বেপরোয়া গতিতে পণ্যবাহী গাড়ি ও মিনি লরি। যাতায়াত করে। বারবার অভিযোগ জানিয়েও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। ফলে দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থেকে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় জড়িত মিনি লরিটিকে আটক করা হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।


Share