Mining Syndicate

রাজ‍্য বিজেপির প্রভাবশালী নেতার নাম করে পাথর খাদানের মালিকদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা, বীরভূমে আবার সক্রিয় মাফিয়া সিন্ডিকেট

খাদান মালিকদের একাংশের অভিযোগ, আগে যারা ছিল তারা রাজস্বের জন্য চাপ না দিয়ে নিজেদের জন‍্য তোলাবাজি করত। কিন্তু নতুন বিজেপি সরকারের আমলে রাজস্বের জন্য চাপের পাশাপাশি মাফিয়াদের তোলাবাজির শিকার হতে হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বোলপুর
  • শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০১:০৯

কয়েক দিন ঘাপটি মেরে থাকার পর ফের স্বমহিমায় বীরভূমের পাথর মাফিয়াদের সিন্ডিকেট। ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের সহযোগিতায় ফের রমরমা শুরু হয়েছে মাফিয়া সিন্ডিকেটের। 

মাফিয়া চক্রের মাথা বলে পরিচিত টুলু মণ্ডলের বাহিনী এলাকায় গিয়ে খাদান মালিকদের হুমকি দিয়ে ফের টাকা আদায় শুরু করেছে বলেই অভিযোগ। রাজ‍্য বিজেপির এক প্রভাবশালী নেতার নাম করে খাদানমালিকদের কাছে টাকার দাবি করছে ওই সিন্ডিকেট চক্র। 

টুলু মণ্ডলের বাহিনী হয়ে এই সিন্ডিকেটের মাথায় রয়েছে মহম্মদবাজার থানার ভারকাটা গ্রামের মল্লিকপাড়ার সরতাজ মোল্লা ওরফে বাপ্পা এবং তার ভাই মুস্তাজ মোল্লা। দুই ভাই আগে টুলু মণ্ডলের হয়ে টাকা তুলেছে বলে খাদান মালিকদের অভিযোগ। এখন তারাই বিজেপি নেতার নাম করে টাকা তুলছে। তোলা না দিলে খাদান বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিচ্ছে।

সরতাজ মোল্লা এবং মুস্তাজ মোল্লা ছাড়াও ভারকাটা গ্রামের ইফতারুল মোল্লাও তোলাবাজির সঙ্গে যুক্ত রয়েছে। যদিও বিষয়টি রাজ‍্য প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তবুও তোলাবাজি রুখতে তৎপর হয়নি পুলিশ বা প্রশাসনের কর্তারা। ২০২১ সালের নির্বাচন পরবর্তী সন্ত্রাসে এই ‘মোল্লা’ বাহিনী সরাসরি যুক্ত ছিল বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই মাফিয়া বাহিনীর সঙ্গে রয়েছে স্থানীয় তালবাঁধ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা সুনীল সোরেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক খাদান মালিক জানিয়েছেন, মহম্মদবাজার ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক আনন্দ বিশ্বাসের প্রত‍্যক্ষ মদত রয়েছে এই তোলবাজিতে। টুলু মণ্ডলের জমানায় আনন্দ বিশ্বাসের মদতেই তোলাবাজি চলত। টুলু মণ্ডলের লোক বলেই পরিচিত ছিলেন আনন্দ বিশ্বাস। তাঁকে ‘ট্রান্সফার’ করে টুলু মণ্ডল নিয়ে এসেছিলেন বলেও দফতরের কর্মীরাই দাবি করেছেন।

নতুন সরকার আসার পরে কয়েক দিন সরকারের রাজস্ব আদায় বেড়ে গেলেও নিজেদের ‘তোলাবাজি’ বন্ধ রাখেননি ওই বিএলএলআরও। স্থানীয় থানার একাংশের সঙ্গে যোগাযোগ করে এলাকায় ঘুরে ঘুরে আনন্দ বিশ্বাস তোলাবাজদের মদত দিচ্ছেন বলে অভিযোগ। পাশাপাশি হুমকি দেওয়া হচ্ছে খাদান মালিকদের।

খাদান মালিকদের একাংশের অভিযোগ, আগে যারা ছিল (পড়ুন তৃণমূল কংগ্রেসের সরকার) তারা রাজস্বের জন্য চাপ না দিয়ে নিজেদের জন‍্য তোলাবাজি করত। কিন্তু নতুন বিজেপি সরকারের আমলে রাজস্বের জন্য চাপের পাশাপাশি মাফিয়াদের তোলাবাজির শিকার হতে হচ্ছে।


Share