Shoot Out Case

স্ত্রীয়ের দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পেরে গুলি চালানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে, গুরুতর জখম মহিলার কাকা

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই স্বামীর অত্যাচারের কারণে আলাদা থাকছিলেন মাম্পি বেদ। রবিবার তাঁর দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান চলাকালীন আচমকাই সেখানে হাজির হয়ে শিবা বেদ গুলি চালায় বলে অভিযোগ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, অন্ডাল
  • শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০৬:৫৬

স্ত্রীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পারায় বিপত্তি। গুলি চালানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় মহিলার কাকা গুরুতর জখম হন। রবিবার দুপুরে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার সিঁদুলি এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম সর্দার বেদ। তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের দাবি, তাঁর পেটের বাঁ দিক ঘেঁষে দুটি গুলি বেরিয়ে গিয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এখন শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।

পরিবারের সদস্যদের দাবি, ছোটবেলায় ম্যাম্পির মা-বাবা মারা যান। তারপর পর থেকেই মাম্পি বেদ নিজের কাকা সর্দারের কাছেই বড় হয়েছেন। পরে শিবা বেদ নামে এক ব্যক্তির সাথে তাঁর বিয়ে হয়। তিনি দুর্গাপুরের কুডুরিয়াডাঙাল এলাকার বাসিন্দা।

 কিন্তু বিয়ের পর থেকেই স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ ওঠে। মাম্পির অভিযোগ, শিবা প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তাঁকে মারধর করত। এমনকি গরম জল ঢেলে নির্যাতনের ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। ক্রমেই পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে।ফলে মাম্পিকে তাঁর কাকা সর্দার বেদ নিজের বাড়িতে নিয়ে আসেন। পরিবারের দাবি, গত প্রায় চার বছর ধরে শিবার সঙ্গে মাম্পির কোনও যোগাযোগ ছিল না। সম্প্রতি পরিবারের উদ্যোগে স্থানীয় এক যুবকের সঙ্গে মাম্পির দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করা হয়।

রবিবার দুপুর প্রায় দুটো নাগাদ বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই সময় আচমকাই একটি গাড়িতে কয়েকজনকে সঙ্গে নিয়ে শিবা সেখানে হাজির হয়। অভিযোগ, সে সোজা সর্দার বেদকে লক্ষ্য করে পরপর দু’রাউন্ড গুলি চালায়। ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত শিবা বেদ এবং তার সঙ্গীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


Share