Kankalitala Temple

‘হিন্দু ছাড়া মন্দিরে প্রবেশ নিষেধ’, কঙ্কালীতলা মন্দিরের শুদ্ধিকরণ, মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা,পোস্টার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ ও ধর্মীয় মর্যাদা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কঙ্কালীতলা মন্দিরে লাগানো হয়েছে পোস্টার।
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
  • শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০২:২৫

বীরভূমের কঙ্কালীতলা মন্দিরের গেটে সাঁটানো হল পোস্টার। এই মন্দিরে প্রবেশে ধর্মভিত্তিক নিষেধাজ্ঞা দেওয়া হল। মঙ্গলবার সকালে এই সতীপিঠে বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় নেতা-কর্মীরা বিশেষ পুজো ও শুদ্ধিকরণ কর্মসূচি পালন করলেন। সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। এই আবহে এই উদ্যোগ ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে। মন্দির চত্বরে দুধ ও গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করা হয়। একটি পোস্টারও টাঙানো হয়। যেখানে হিন্দু ধর্মাবলম্বী ছাড়া অন্যদের মন্দিরে প্রবেশ করতে নিষিদ্ধ করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ ও হিন্দু ধর্মের মর্যাদা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সঙ্গে মন্দির পরিচালনা নিয়ে সেবায়েতদের সঙ্গে বৈঠক করা হয়েছেন। সেখানে স্বচ্ছতা বজায় রাখা ও শাস্ত্রসম্মত পুজো পদ্ধতি অনুসরণের ওপর জোর দেওয়া হয়। কিছু সেবায়েতের অভিযোগ, দীর্ঘদিন ধরে ট্রাস্টের আর্থিক ব্যবস্থাপনায় অনিয়ম চলছিল। বিভিন্ন চাপও ছিল।

এদিকে, মন্দিরের এক সেবায়েত দাবি করেছেন, তিনি আগে রাজনৈতিক কারণে হুমকির মুখে পড়েছিলেন। যদিও বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে তিনি জানিয়েছেন। বিশ্ব হিন্দু পরিষদের নেতা সৌরিশ মুখোপাধ্যায় বলেন, মন্দিরের গর্ভগৃহ ও প্রাঙ্গণে বিধর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুদ্ধিকরণও সম্পন্ন হয়েছে। অন্যদিকে সেবায়েত মহাদেব ঠাকুর জানান, ট্রাস্টের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এখন থেকে নির্ভয়ে কাজ করা যাবে বলে তিনি মনে করছেন।


Share