Stone Syndicate

বীরভূমে ফের ‘টাকার পাহাড়’, ফ্ল্যাটে দীর্ঘ তল্লাশির পরে গ্রেফতার অনুব্রত মন্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল, উদ্ধার বিপুল নগদ টাকা

ঘটনায় সায়গলকে গ্রেফতার করা হয়েছে। মধ্যরাতে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। রবিবার তদন্তকারীরা তাঁকে আদালতে হাজির করে হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
  • শেষ আপডেট: ১৬ আগস্ট ২০২৬ ১০:৫৪

বীরভূমে ফের বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধার করল পুলিশ। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৮০০ গ্রাম সোনা এবং নগদ ১৩ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় সায়গলকে গ্রেফতার করা হয়েছে। মধ্যরাতে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। রবিবার তদন্তকারীরা তাঁকে আদালতে হাজির করে হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারেন।

কয়েক দিন আগে পুলিশ বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ সাড়ে ২৮ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার করে। ওই ঘটনায় মিনারকে গ্রেফতারির পর থেকেই তদন্তকারীরক টুলুর খোঁজে তল্লাশি চালাচ্ছেন। যদিও এখনও তাঁর সন্ধান মেলেনি। আত্মগোপনে থেকেই টুলু আদালতে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছেন। সেই মামলার সূত্র ধরেই শনিবার সকালে পুলিশ বোলপুরের বাইপাস এলাকায় সায়গলের ফ্ল্যাটে হানা দেয়। সকাল থেকে সেখানে তল্লাশি অভিযান চলে। সূত্রের খবর, সোনা ও নগদ টাকার পাশাপাশি ফ্ল্যাট থেকে প্রচুর জমির দলিলও উদ্ধার হয়েছে। পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করেছে।

পুলিশ সূত্রে খবর, সায়গলের ফ্ল্যাট থেকে ১০০টিরও বেশি জমির দলিল উদ্ধার হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এলাকায় প্রভাবশালী হওয়ায় সায়গল নিজের সেই প্রভাব খাটিয়ে টুলুকে বিভিন্ন ভাবে সাহায্য করতেন।

এ দিকে, টুলুকে সিউড়ি আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হলেও এখনও তিনি প্রকাশ্যে আসেননি। আইনজীবীর মাধ্যমে কলকাতা হাই কোর্টে তিনি রক্ষাকবচ চেয়ে আবেদন করেছেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করেও মামলা করেছেন। পুলিশ তাঁর বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। সেই প্রক্রিয়া নিয়েও টুলু আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে মামলাগুলির দ্রুত শুনানির আবেদন খারিজ হয়েছে। বিচারপতি কৌশিক চন্দ মামলাটি ছেড়ে দিয়েছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে তালিকা অনুযায়ী মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। চলতি সপ্তাহেই শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। টুলুকে এখনও গ্রেফতার করা সম্ভব না হলেও তাঁর একাধিক আত্মীয় এবং ব্যবসার সঙ্গে যুক্ত কয়েক জনকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। সেই তালিকায় এ বার যুক্ত হল সায়গল হোসেনের নাম।


Share