Mob Lynching

পরপর চুরির জেরে ক্ষোভ, বোলপুরে চোর সন্দেহে যুবককে ধরে গণপিটুনির অভিযোগ

মারধরের মুখে পড়ে সে আরও কয়েকটি চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছে বলে দাবি এলাকাবাসীর একাংশের।

যুবককে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।
নিজস্ব সংবাদদাতা, বোলপুর
  • শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ০২:৩৬

চোর সন্দেহে এক যুবককে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে শনিবার সকালে বীরভূমের বোলপুর শহরের তাতালপুর কলোনী এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়াল। স্থানীয়দের হাতে ওই যুবক আক্রান্ত হন। পরে তাঁকে উদ্ধার করে বোলপুর পুলিশ স্টেশনের পুলিশ থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তাতালপুর কলোনি এলাকায় বাড়ি ও মন্দিরে একের পর এক চুরির অভিযোগ সামনে আসছিল। সেই কারণেই এলাকাবাসীর মধ্যে ক্ষোভ জমে ছিল। শনিবার সকালে এলাকার একটি বাড়ি থেকে এক অপরিচিত যুবককে বের হতে দেখা যায়। তাই দেখে স্থানীয়দের সন্দেহ হয়। অভিযোগ, বিষয়টি বুঝতে পেরে ওই যুবক পালানোর চেষ্টা করে। তখনই কয়েকজন তাকে ধাওয়া করে ধরে ফেলেন।

এরপরই শুরু হয় বেধড়ক মারধর। অভিযোগ, যুবককে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। স্থানীয়দের দাবি, শুক্রবার গভীর রাতে ওই যুবক চুরির উদ্দেশ্যে বাড়িটিতে ঢুকেছিল। মারধরের মুখে পড়ে সে আরও কয়েকটি চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছে বলে দাবি এলাকাবাসীর একাংশের।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। আহত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

এদিকে, পরপর চুরির ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ বলেই জানা গিয়েছে। তবে পুলিশ স্পষ্ট জানিয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। কোনও সন্দেহজনক ঘটনা ঘটলে সাধারণ মানুষের উচিত সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া।


Share