Sports

ইরানকে হারিয়ে নাগোয়া এশিয়ান গেমসে সোনা ভারতের, মহিলাদের কবাডিতে চতুর্থ বার এশিয়ান সেরা ভারত

নাগোয়া এশিয়ান গেমসের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইরানকে ৩৭-৩৪ ব্যবধানে হারাল ভারতীয় দল। এই জয়ের ফলে নাগোয়া গেমসে ভারতের তৃতীয় সোনা এল।

প্রত্যাশা মতোই মহিলাদের কবাডিতে সোনা জিতল ভারত।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৭

প্রত্যাশা মতোই মহিলাদের কবাডিতে সোনা জিতল ভারত। নাগোয়া এশিয়ান গেমসের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইরানকে ৩৭-৩৪ ব্যবধানে হারাল ভারতীয় দল। এই জয়ের ফলে নাগোয়া গেমসে ভারতের তৃতীয় সোনা এল। পাশাপাশি ভারত এশিয়ান গেমসে চতুর্থ বার মহিলাদের কবাডিতে সোনা জিতল।

ফাইনালের শুরু থেকেই ভারতীয় দলকে৷ আগ্রাসী মেজাজে খেলতে দেখা যায়। প্রথমার্ধে ভারতীয় খেলোয়াড়েরা ইরানের উপর দাপট দেখান। এক বার ইরানকে অলআউটও করে ভারত। প্রথমার্ধের শেষে ২২-১৬ ব্যবধানে এগিয়ে ছিল ভারত।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ইরান। তাদের আগ্রাসী কবাডির সামনে ভারতীয় দলকে বেশ কিছুটা সমস্যায় পড়তে হয়। এক বার অলআউটও হয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে ১৮-১৫ ব্যবধানে এগিয়ে থেকে লড়াই শেষ করে ইরান। কিন্তু প্রথমার্ধে ভারতের ছয় পয়েন্টের লিডই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।

নাগোয়া এশিয়ান গেমসে ভারতের প্রথম সোনা এসেছিল মহিলাদের ক্রিকেট থেকে। দ্বিতীয় সোনা আসে শুটিংয়ের মিক্সড ডাবলস থেকে। তৃতীয় সোনাটিও এল মহিলা ক্রীড়াবিদদের হাত ধরেই। অর্থাৎ গেমসে ভারতের প্রথম তিনটি সোনার পিছনেই রয়েছে মহিলা ক্রীড়াবিদদের অবদান।


Share