WBPSC Clerkship Recruitment

৪৫ বছরেও সরকারি চাকরির সুযোগ! WBPSC ক্লার্কশিপে শুরু আবেদন, মাধ্যমিক পাশেই বড় সুযোগ

WBPSC ক্লার্কশিপ পরীক্ষায় মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে। ১৮ থেকে ৪৫ বছর বয়সীরা সুযোগ পাবেন। ৬ অক্টোবর থেকে আবেদন শুরু, শেষ ২৬ অক্টোবর। তিন ধাপে পরীক্ষা হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ০১:৩৩

সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC-এর ক্লার্কশিপ এগজামিনেশন ২০২৪-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই নিয়োগে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ৪৫ বছর। ফলে বয়সের কারণে এতদিন যারা সরকারি চাকরির আবেদন করতে পারছিলেন না, তাঁদের কাছেও নতুন সুযোগ তৈরি হয়েছে।

WBPSC-এর বিজ্ঞপ্তি নম্বর ১২/২০২৪ অনুযায়ী, সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট এবং বিভিন্ন জেলা অফিসে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (LDA) বা লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) পদে নিয়োগ করা হবে। তবে মোট শূন্যপদের সংখ্যা এখনও জানানো হয়নি। পরবর্তী সময়ে তা প্রকাশ করা হবে।

৬ অক্টোবর ২০২৬ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখ ২৬ অক্টোবর, বিকেল ৩টে ৩০ মিনিট। একই সময়ের মধ্যে অনলাইন আবেদন ফি জমা দিতে হবে। ফর্মে কোনও ভুল থাকলে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত তা সংশোধনের সুযোগ মিলবে।

আবেদনকারীকে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটারের প্রাথমিক জ্ঞান এবং বাংলায় বা ইংরেজিতে কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৪-এর হিসেবে যাঁদের বয়স ৪৫ বছর, তাঁরাও আবেদন করতে পারবেন।

এই পদে বেতন লেভেল-৬ অনুযায়ী ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা। এর সঙ্গে প্রযোজ্য ডিএ, এমএ এবং HRA মিলবে। আবেদনের ফি ১১০ টাকা।

নিয়োগ প্রক্রিয়ায় রয়েছে তিনটি ধাপ। প্রথমে ১০০ নম্বরের MCQ পরীক্ষা হবে। ইংরেজি ৩০, জেনারেল স্টাডিজ ৪০ এবং অ্যারিথমেটিক ৩০ নম্বরের পরীক্ষা থাকবে। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট।

এরপর পার্ট-১ উত্তীর্ণদের ১০০ নম্বরের কনভেনশনাল লিখিত পরীক্ষা দিতে হবে। শেষে যোগ্য প্রার্থীদের কম্পিউটার টাইপিং টেস্ট নেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পার্ট-১ পরীক্ষা ডিসেম্বর নাগাদ হতে পারে। তবে পরীক্ষার নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে।

আবেদন করার আগে প্রার্থীদের WBPSC-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে সমস্ত যোগ্যতা ও শর্ত যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


Share