Political Chaos

জব কার্ড ও আবাস যোজনায় কাটমানির অভিযোগ, ক্ষুব্ধ গ্রামবাসীদের জনরোষ আছড়ে পড়ল প্রধানের বাড়িতে

অভিযোগ, বহু শ্রমিক জব কার্ডে কাজ করলেও এখনও পর্যন্ত তাঁদের প্রাপ্য মজুরি পাননি। আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নাম করেও টাকা নেওয়া হয়েছে বলে দাবি বাসিন্দাদের।

গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বাড়িতে হামলা
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১১:৩৭

হাওড়ার আমতা বিধানসভা এলাকার কাশমলি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতার বিরুদ্ধে প্রধানের বাড়িতে ভাঙচুর, এসি ভাঙার চেষ্টা এবং ইটবৃষ্টি করার অভিযোগ উঠেছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, জব কার্ড পাইয়ে দেওয়ার নামে টাকা তুলেছিলেন ওই তৃণমূল নেতা। সেই টাকা উপভোক্তাদের হাতে না পৌঁছে আত্মসাৎ করা হয়েছে বলেও দাবি করেন স্থানীয়েরা। পাশাপাশি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই প্রধানের বিরুদ্ধে ক্ষোভ জমছিল গ্রামবাসীদের মধ্যে। অভিযোগ, বহু শ্রমিক জব কার্ডে কাজ করলেও এখনও পর্যন্ত তাঁদের প্রাপ্য মজুরি পাননি। আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নাম করেও টাকা নেওয়া হয়েছে বলে দাবি বাসিন্দাদের। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর সেই ক্ষোভই প্রকাশ্যে আসে শনিবার।

এ দিন প্রধানের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে প্রধানের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বাড়ির মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বাইরে থেকে ইট ছোড়ার ঘটনাও ঘটে। এক মহিলাকে কাঠের টুকরো দিয়ে এসিতে আঘাত করতে দেখা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় জয়পুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পঞ্চায়েত প্রধানের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

স্থানীয়দের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।


Share