TMC Political Crisis

৪৪০ কোটির তহবিল ঘিরে তৃণমূলে টানাপোড়েন! ব্যাঙ্ক অ্যাকাউন্টের অধিকার কার, হাই কোর্টে কালীঘাট শিবিরের জরুরি আর্জি

এই মামলায় পুলিশ, সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকে পক্ষ করা হয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, সব পক্ষকে নোটিশ না দিয়ে জরুরি শুনানি সম্ভব নয়।

তহবিল নিয়ে হাই কোর্টের দারস্থ কালীঘাট শিবির।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ০৩:৫০

তৃণমূল কংগ্রেসের তহবিলের উপর কার অধিকার থাকবে, সেই প্রশ্নে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট শিবির। সোমবার তাদের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জি জানান। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলাটি ওঠে। আদালত জানায়, মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিশ দিতে হবে। নোটিশ দেওয়ার পর সোমবার অথবা মঙ্গলবার শুনানির বিষয়টি বিবেচনা করা হবে।

এই মামলায় পুলিশ, সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকে পক্ষ করা হয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, সব পক্ষকে নোটিশ না দিয়ে জরুরি শুনানি সম্ভব নয়।

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙন প্রকট হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একাংশ বিধায়ক পৃথক শিবির গড়ে নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করেছেন। ওই শিবিরের চেয়ারম্যান হয়েছেন অরূপ রায়।

এই পরিস্থিতিতে দলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানান। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে তিনি অ্যাকাউন্টের লেনদেন স্থগিত রাখার অনুরোধ করেন। পরে ঋতব্রত শিবির পুলিশের কাছেও একই দাবি জানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তিনটি অ্যাকাউন্টে থাকা মোট ৪৪০ কোটি টাকার লেনদেন আপাতত বন্ধ রাখার নির্দেশ দেয়। পাশাপাশি অ্যাকাউন্ট সংক্রান্ত নথিও তলব করা হয়। এরপরই হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট শিবির।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মূল অ্যাকাউন্টে রয়েছে প্রায় ২৬০ কোটি টাকা। ত্রিপুরা ও গোয়া ইউনিটের অ্যাকাউন্টে রয়েছে আরও প্রায় ১৮০ কোটি টাকা।

প্রসঙ্গত, নির্বাচনে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসকে কোষাধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেন। তবে ব্যাঙ্কে পাঠানো চিঠিতে অরূপ নিজেকে কোষাধ্যক্ষ হিসেবেই উল্লেখ করেন। তাঁর দাবি, দায়িত্বে থাকাকালীন তিনি একাধিক চেকে আগাম সই করেছিলেন। সেই চেকগুলি কোথায় এবং কীভাবে ব্যবহার হয়েছে, তার কোনও হিসাব তিনি পাননি। সেই বিতর্ক ঘিরেই এবার তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের জটিলতা পৌঁছেছে কলকাতা হাই কোর্টে।


Share