Sougata Roy

অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়, ভর্তি করা হল বেসরকারি হাসপাতালে

রবিবার রাতে ফের হাসপাতালে ভর্তি তৃণমূলের সাংসদ সৌগত রায়। তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎধীন তিনি। আপাতত তিনি স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়
নিজস্ব সংবাদদাতা, দমদম
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০১:০৮

ফের অসুস্থ তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। রবিবার রাতে অসুস্থ অবস্থায় তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎধীন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার অসুস্থ বোধ করছিলেন তৃণমূলের প্রবীণ সাংসদ। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

এর আগেও গত জুন মাসে বুকে ব্যাথা, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন দমদমের সাংসদ। এরপর জুলাই মাসে হাসপাতালে ভর্তি হতে হয় সৌগত রায়কে। তাঁর টাইপ টু ডায়াবিটিস আছে বলে খবর।

গত এপ্রিলে আড়িয়াদহে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন সৌগত রায়। গাড়ি থেকে নামতেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেখান থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে পেসমেকার বসাতে হয়। গত বছর মার্চে সংসদে অধিবেশন চলাকালীনও দিল্লিতে অসুস্থ বোধ করেন তিনি। তবে এ বারও সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থিত ছিলেন প্রবীণ এই সাংসদ। 


Share