Political Chaos

তোলাবাজির অভিযোগে গ্রেফতার কৃষ্ণনগরের তৃণমূল নেতা, হাজির করানো হল আদালতে

রবিবার ধৃত তৃণমূল নেতাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে। যদিও তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তাঁকে ফাঁসানো হয়েছে।

ধৃত তৃণমূল নেতা সরজিৎ বিশ্বাস
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০৮:৫২

তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন নদিয়ার কৃষ্ণনগর-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান সরজিৎ বিশ্বাস। শনিবার রাতে তাঁকে গ্রেফতার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। রবিবার ধৃত তৃণমূল নেতাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে। যদিও তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তাঁকে ফাঁসানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই সরজিৎ বিশ্বাসের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল। দীর্ঘদিন তিনি পঞ্চায়েত প্রধানের দায়িত্বে ছিলেন। বর্তমানে কৃষ্ণনগর-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। পুলিশ সূত্রে খবর, দিগনগর এলাকার একাধিক কারখানা এবং সেখানে কর্মরত শ্রমিকদের কাছ থেকে নিয়মিত টাকা তোলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয় এবং তদন্তে নেমে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

অভিযুক্ত সরজিৎ বিশ্বাসের দাবি, শনিবার রাত ন'টা নাগাদ পুলিশ তাঁর বাড়িতে গিয়ে তাঁকে আটক করে। কেন গ্রেফতার করা হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি বলেও অভিযোগ তাঁর। সমস্ত অভিযোগ অস্বীকার করে সরজিতের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে পুলিশকে দিয়ে তাঁকে হেনস্থা করছে বিজেপি। পুলিশ ভ্যানে বসে তিনি বলেন, “কেন গ্রেফতার করা হল, আমি নিজেই জানি না। শনিবার রাতে হঠাৎ বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে। আমি দীর্ঘ সময় ধরে পঞ্চায়েত প্রধান ছিলাম। বর্তমানে কৃষি কর্মাধ্যক্ষ। আমার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ নেই। কারও থেকে কোনও দিন একটা টাকাও নিইনি। বাবা রাজনীতি করতেন। আমার নিজের ভাল ব্যবসা ছিল। রাজনীতি করব বলে ব্যবসা ছেড়েছি। এখন স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই কাজ করা হচ্ছে।”

অন্য দিকে, সরজিতের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে শাসকদল। দলের মুখপাত্র সন্দীপ মজুমদার বলেন, “তৃণমূলের ওই কৃষি কর্মাধ্যক্ষের বিরুদ্ধে শ্রমিকদের থেকে নিয়মিত তোলাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বিজেপি সরকার গঠন করার পর শ্রমিকেরা সাহস করে অভিযোগ জানানোর জায়গায় পৌঁছেছেন। তার ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নিয়েছে।’’ তাঁর দাবি, এখানে রাজনৈতিক প্রতিহিংসার কোনও বিষয় নেই। পুলিশ নিরপেক্ষ ভাবেই কাজ করছে।


Share