Calcutta High Court

জাহাঙ্গিরের পর এ বার পরেশরাম-কৈলাশ, গ্রেফতারি এড়াতে হাই কোর্টে তৃণমূলের দুই প্রার্থী

ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরেশরাম দাসের বিরুদ্ধে একাধিক থানায় ধারাবাহিকভাবে এফআইআর দায়ের হয়েছে।

কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ মে ২০২৬ ০৩:৪০

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিরোধী দল তৃণমূল কংগ্রেসের নেতা ও প্রার্থীদের বিরুদ্ধে আইনি চাপ ক্রমশ বাড়ছে। ফলতার জাহাঙ্গির খানের পর এবার গ্রেফতারি এড়াতে এবং আইনি সুরক্ষার খোঁজে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন আরও দুই তৃণমূল নেতা। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশরাম দাস এবং হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক ফৌজদারি মামলা ও এফআইআর থেকে অব্যাহতি চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছেন।

ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরেশরাম দাসের বিরুদ্ধে একাধিক থানায় ধারাবাহিকভাবে এফআইআর দায়ের হয়েছে। যে কোনও মুহূর্তে গ্রেফতারি বা কড়া আইনি পদক্ষেপের আশঙ্কায় তিনি কলকাতা হাই কোর্টের শরণাপন্ন হন। তাঁর আবেদনে সমস্ত এফআইআর থেকে অব্যাহতি এবং আদালতের আইনি সুরক্ষা চাওয়া হয়েছে। বুধবার কলকাতা হাই কোর্ট তাঁকে এ সংক্রান্ত মামলা দায়েরের অনুমতি দিয়েছে।

অন্য দিকে, একই ধরনের পরিস্থিতিতে হাই কোর্টে আবেদন করেছেন হাওড়ার বালি কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্রও। তাঁর বিরুদ্ধেও একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সম্ভাব্য গ্রেফতারির আশঙ্কায় তিনি এফআইআর থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হন। তাঁর মামলার দ্রুত শুনানির আবেদন মঞ্জুর হয়েছে এবং বৃহস্পতিবার মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে তোলাবাজি, সিন্ডিকেট রাজ, হুমকি, মারধর এবং গভীর রাতে পথচলতি গাড়িতে ডাকাতির ছক কষার মতো একাধিক গুরুতর অভিযোগে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা ও তাঁদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ধারাবাহিক পুলিশি অভিযান চলছে। গত কয়েক দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক গ্রেফতারির ঘটনায় রাজনৈতিক চাপানউতোর হয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই নতুন সরকারের পুলিশ বেছে বেছে তাঁদের দলের নেতাদের নিশানা করছে।


Share