TMC

হাই কোর্টে আংশিক স্বস্তির পরই বড় ধাক্কা! তৃণমূলের আরও ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধের নির্দেশ, তদন্তের জালে হাজার কোটিরও বেশি টাকার হদিস

এই সিদ্ধান্তের বিরুদ্ধে কালীঘাটপন্থী তৃণমূল কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলে, বৃহস্পতিবার আদালত দলের নিত্যপ্রয়োজনীয় খরচ চালানোর জন্য একজন স্পেশ্যাল অফিসার নিয়োগের নির্দেশ দেয়।

তৃণমূলের আরও কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ জুলাই ২০২৬ ০৬:৪৭

দলীয় তহবিল সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্ট থেকে আংশিক স্বস্তি পেলেও নতুন করে তৃণমূলের আরও কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশ।

বিধাননগর সাইবার থানায় তৃণমূলের ঋতব্রত শিবিরের বিধায়ক বিশ্বনাথ দাসের দায়ের করা এফআইআরের তদন্তের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। এর আগে একই মামলায় তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করেছিল বিধাননগর পুলিশ। পরবর্তীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও ওই তিনটি অ্যাকাউন্টে লেনদেন স্থগিত করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কালীঘাটপন্থী তৃণমূল কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলে, বৃহস্পতিবার আদালত দলের নিত্যপ্রয়োজনীয় খরচ চালানোর জন্য একজন স্পেশ্যাল অফিসার নিয়োগের নির্দেশ দেয়।

পুলিশ সূত্রে খবর, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে একাধিক ব্যাঙ্কে থাকা মোট ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দুই দফায় ফ্রিজ করা ওই অ্যাকাউন্টগুলিতে মিলিয়ে এক হাজার কোটিরও বেশি টাকা রয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

এ দিকে, তদন্তের স্বার্থে বিধাননগর সাইবার থানার পুলিশ অভিযোগকারী বিধায়ক-সহ ঋতব্রত শিবিরের সাতজনেরও বেশি বিধায়কের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করেছে। তদন্তকারীরা মূলত জানতে চাইছেন, কোন কোন তথ্য বা ঘটনার ভিত্তিতে তাঁদের মনে হয়েছে যে দলীয় অ্যাকাউন্টে অবৈধ আর্থিক লেনদেন হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রথম দফায় ফ্রিজ করা তিনটি অ্যাকাউন্টের লেনদেন বিশ্লেষণ করে যে সূত্র মিলেছে, তার ভিত্তিতেই বাকি অ্যাকাউন্টগুলির আর্থিক লেনদেন খতিয়ে দেখা হবে। সেই কারণেই আপাতত সংশ্লিষ্ট সমস্ত অ্যাকাউন্টে লেনদেন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্য দিকে, ইডি যে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, তার মধ্যে একটি অ্যাকাউন্টের অনুমোদিত সইকারী (সিগনেটরি) রয়েছেন দুই সাংসদ। ইডি সূত্রের খবর, বাকি দু’টি অ্যাকাউন্টের সিগনেটরি হিসেবে রয়েছেন এক প্রাক্তন সাংসদ ও প্রাক্তন মন্ত্রী। তদন্তের স্বার্থে তাঁদের বয়ান রেকর্ড করতে শীঘ্রই তলব করা হতে পারে।


Share    

TMC